ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর অভিযোগ এনেছে সিরিয়া। দামেস্কের কাছ থেকে যথাযথ নিরাপত্তা ছাড় না নিয়েই মার্কিন রাষ্ট্রদূত অবরুদ্ধ শহর হামা সফর করায় এ অভিযোগ উঠেছে।
পাশাপাশি সিরিয়ার প্রশাসন যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে বলে আল জাজিরা জানায়।
এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ ছাড়পত্র না নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের হামা শহরে অবস্থানের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়, সিরিয়ার সাম্প্রতিক চলমান ঘটনাপ্রবাহের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত৷
বর্তমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র উস্কে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক দলের হামা শহর পরিদর্শনে যাওয়ার বিষয়টি মার্কিন দূতাবাস থেকে সিরীয় সরকারকে জানানো হয়েছে। তবে রবার্ট ফোর্ডের কথা সেখানে উল্লেখ করা হয় নি।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবিতে সিরিয়ার বিভিন্ন শহরে গণআন্দোলন শুরু হয়। এরই ধারাবাহিকতায় হামা শহরের অধিবাসীরা কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালায়।
হামার আন্দোলন দমন করতে সেখানে ট্যাংকসহ সেনাবাহিনী পাঠায় সরকার। সেনা বাহিনী কঠোর অভিযানের মধ্য দিয়ে শহরটির নিয়ন্ত্রণ নেয়।
এর পরিপ্রেক্ষিতে হামার অধিবাসীদের প্রতি সহমর্মিতা জানাতে বৃহস্পতিবার অবরুদ্ধ ওই শহরটি সফর করেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড।
ফোর্ড শুক্রবার পর্যন্ত হামায় অবস্থান করবেন বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৯ ঘ.
bdnews24