২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বস্ত্রমন্ত্রীর পদত্যাগ

ভারতের বস্ত্রমন্ত্রী দয়ানিধি মারান পদত্যাগ করেছেন। টেলিকম খাতে কয়েক বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 11:42 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

নয়াদিল্লি, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারতের বস্ত্রমন্ত্রী দয়ানিধি মারান পদত্যাগ করেছেন। টেলিকম খাতে কয়েক বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ভারতের তদন্ত সংস্থা সিবিআই ওই দুর্নীতিতে তার জড়িত থাকার বিষয়টি তদন্তের কথা জানানোর একদিন পরেই তিনি পদত্যাগ করলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বৃহস্পতিবার দয়ানিধির পদত্যাগের কথা জানিয়েছে। বস্ত্রমন্ত্রী হওয়ার আগে টেলিযোগযোগমন্ত্রী থাকাকালে দয়ানিধি এ দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ উঠেছে। আগামী সপ্তাহে ভারতে মন্ত্রিসভায় রদবদলের আগেই বস্ত্রমন্ত্রী পদত্যাগের এ ঘটনা ঘটল। দয়ানিধি ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির গুরুত্বপূর্ণ শরিকদল ডিএমকে সদস্য। টেলিকম লাইসেন্স নিয়ে সাবেক টেলিযোগাযোগমন্ত্রী আন্ডিমুথু রাজার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দয়ানিধিই এ খাতে দুর্নীতির অভিযোগের মুখে পড়া ২য় মন্ত্রী। দয়ানিধি টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে বিদায় নেন ২০০৭ সালে। তার স্থলাভিষিক্ত হয়েছিলেন আন্ডিমুথু রাজা। দুর্নীতির অভিযোগে রাজা ইতোমধ্যেই জেলে গেছেন। তার বিরুদ্ধে সুলভ মূল্যে মোবাইল ফোন লাইসেন্স বিক্রি করার অভিযোগ আছে। আর দয়ানিধি মোবাইল ফোন কোম্পানি এয়ারসেলের প্রতিষ্ঠাতাকে তার পরিচিত অন্য একটি ফার্মের কাছে কোম্পানির শেয়ার বিক্রি করতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে দয়ানিধি এ অভিযোগ অস্বীকার করেছেন। ভারতে একের পর এক দুর্নীতি কেলেঙ্কারিতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে জনমত ক্রমেই শক্তিশালী হয়ে উঠতে থাকায় চাপের মুখে পড়েছে প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকার। তাছাড়া, মন্ত্রীদের কেলেঙ্কারির কারণে কংগ্রেস পার্টির সঙ্গে ডিএমকে'র সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হচ্ছে। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৩৫ঘ.