ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছাকাছি যাওয়ার চেষ্টাকালে রিভলবারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে বৃহস্পতিবার এক পদযাত্রার সময় এ ঘটনা ঘটে বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়।
রাজ্যের জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকদের সঙ্গে 'পদযাত্রা' করছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার ছিল সেই পদযাত্রার দ্বিতীয় দিন।
রাহুল গান্ধীর নিরাপত্তায় নিয়োজিত 'স্পেশাল প্রটেকশন গ্রুপ' (এসপিজি) দশমিক ৩২ বোরের রিভলবারসহ ওই ব্যক্তিকে আটক করেছে।
ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুলের দ্বিতীয় নিরাপত্তা বলয়ের কাছে যাওয়ার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়।
হরি মোহন শর্মা নামের ওই ব্যক্তি উদয়পুরের বাসিন্দা। ভারতীয় সময় সকাল সাড়ে আটটার দিকে এসপিজি তাকে আটক করে তাৎক্ষণিকভাবে উত্তর প্রদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে।
অবশ্য আটক হরি মোহন শর্মা নিজেকে কংগ্রেসকর্মী বলে দাবি করেছেন।
রাহুলের বাবা ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।
এরআগে রাজীব গান্ধীর মা অর্থাৎ রাহুল গান্ধীর দাদি তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেহরক্ষীর গুলিতে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৩১ ঘ.
bdnews24