২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'খাদ্য সংকট দূর করবে সবুজ খামার প্রযুক্তি'

বিশ্ববাসীর চাহিদা অনুযায়ী খাদ্য উৎপাদন ও ভয়াবহ খাদ্য সংকট দূর করতে কৃষি ব্যবস্থাকে পুরোপুরি সবুজ প্রযুক্তির আওতায় আনা জরুরি বলে জাতিসংঘ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 10:18 AM

Updated : 07 Jul 2022, 08:58 PM

জেনেভা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ববাসীর চাহিদা অনুযায়ী খাদ্য উৎপাদন ও ভয়াবহ খাদ্য সংকট দূর করতে কৃষি ব্যবস্থাকে পুরোপুরি সবুজ প্রযুক্তির আওতায় আনা জরুরি বলে জাতিসংঘ জানিয়েছে।

মঙ্গলবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, সবুজ প্রযুক্তি বাস্তবায়নের লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে বিশ্বের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিৎ গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে টেকসই সেচ প্রকল্পের ব্যবস্থা করা।

অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোর ছোট ছোট কৃষি খামারগুলোর উৎপাদন বাড়ানোর প্রতি নজর দেওয়া।

"খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদির ব্যবহার কমিয়ে সবুজ প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং আরো দক্ষতার সাথে শক্তি, পানি ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিশ্চিত করতে হবে" বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে ঘোষণা করা হয়, ২০০৭-০৮ সালের খাদ্য সংকট এবং চলতি বছরের উচ্চ খাদ্যমূল্য "বিশ্ব খাদ্য ব্যবস্থাপনার কাঠামোগত সমস্যার সাথে গভীরভাবে জড়িয়ে আছে। খাদ্য উৎপাদন ত্বরান্বিত করতে কৃষিক্ষেত্রে সম্পদের বিনিয়োগ ও সৃজনশীলতা বাড়াতে হবে"।

ঘোষণায় আরো বলা হয়, ২০৫০ সালে বিশ্বের প্রায় ৯শ' কোটি মানুষকে বাঁচিয়ে রাখতে খাদ্য উৎপাদনের বর্তমানের হার থেকে ৭০ থেকে ১শ' ভাগ বাড়াতে হবে।

বিশ্বের মোট জনসংখ্যার সাত ভাগের এক ভাগ বা প্রায় ৯২ কোটি ৫০ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে এবং অপুষ্টিতে ভোগা মানুষগুলো সুস্থ ও কর্মক্ষম থাকার জন্য যে পরিমাণ খাদ্য প্রয়োজন তা তারা পাচ্ছে না বলে প্রতিবেদনটিতে জানানো হয়।

অপুষ্টিতে ভোগা মানুষগুলোর বেশির ভাগই বিশ্বের সাতটি দেশের বাসিন্দা। দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, চীন, কঙ্গো, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তান।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৬০৭ ঘ.