২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ধশতবর্ষে লন্ডনে রবীন্দ্র ভাস্কর্য

সার্ধশতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে লন্ডনের একটি খোলা জায়গায় প্রথমবারের মতো তার আবক্ষ ভাস্কর্য স্থাপিত হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 10:00 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ধশতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে লন্ডনের একটি খোলা জায়গায় প্রথমবারের মতো তার আবক্ষ ভাস্কর্য স্থাপিত হতে যাচ্ছে। যুক্তরাজ্যের টেগোর সেন্টার ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি ব্রোঞ্জের এই ভাস্কর্যটি লন্ডনের ব্লুমসবেরির গর্ডন স্কোয়ারে স্থাপন করা হবে বলে জানিয়েছে আনন্দবাজার অনলাইন। শিল্পী শিন্ডা আমেরির তৈরি ভাস্কর্যটির পাদদেশে রবীন্দ্রনাথের একটি বাংলা ও একটি ইংরেজি কবিতা খোদাই করে লেখা হয়েছে। বৃহস্পতিবার ব্রিটেনের যুবরাজ চার্লস এই ভাস্কর্যটি উন্মোচন করবেন। টেগোর সেন্টারের প্রধান কল্যাণ কুন্ডু আনন্দবাজারকে জানিয়েছেন, লন্ডনের খোলা জায়গায় এটিই হবে রবীন্দ্রনাথের প্রথম ভাস্কর্য। বৃহস্পতিবারের উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত ও নৃত্য পরিবেশন করা হবে। ওই অনুষ্ঠানে যুবরাজ চার্লসসহ আরো ২শ' জন অতিথি উপস্থিত থাকবেন। যুক্তরাজ্যে সারা বছর ধরেই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রজন্মের সার্ধশতবর্ষ উদযাপিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৫৮ ঘ.