জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটোকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলাম। গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পশ্চিমা দাবিও নাকচ করেছেন তিনি।
পশ্চিমা দেশগুলো তাদের প্রতি আইনগতভাবেই লিবিয়ার প্রতিশোধ নেওয়ার পথ তৈরি করছে বলে দাবি করেন সাঈফ।
মুয়াম্মার গাদ্দাফি এর আগে লিবিয়ায় ন্যাটোর বিমান হামলা বন্ধ না হলে ইউরোপে হামলা চালানোর হুমকি দেওয়ার পর তার ছেলে সাঈফ ন্যাটোকে এ কড়া হুঁশিয়ারি দিলেন।
রোববার ফ্রান্স টিভিতে সাঈফ আল-ইসলাম বলেন, আলোচনার মধ্য দিয়ে তার বাবার ক্ষমতা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না।
কোনোরকম শান্তিচুক্তির মধ্য দিয়ে গাদ্দাফির ক্ষমতা ছাড়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে 'ল্য মদ' পত্রিকায় তিনি বলেন, আমার বাবা আলোচনার মধ্যে নেই। আর যে আলোচনায় তিনি জড়িত নন তার মধ্য দিয়ে কেউ সমাধান খুঁজে পাবে কি? না, এটি সম্ভব নয়।"
লিবিয়ার বিদ্রোহী শিবিরকে সমর্থন করে ন্যাটো পরাজয়ের পথে চলা পক্ষকেই বেছে নিয়েছে উল্লেখ করে সাঈফ বলেন, "আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমরা লড়াই করবো এবং জিতবো।"
তিনি বলেন, "আপনারা জিতবেন না। কোন সম্ভাবনা নেই, এ যুদ্ধে আপনাদের জয়ের সম্ভাবনা শূণ্য।"
তিনি আরো বলেন, "গাদ্দাফি বাহিনীর ওপর বিমান হামলার ফল ন্যাটো জোটের জন্য ভালো হবে না। এর পরিণতি হবে মারাত্মক।"
তবে সাঈফের এ হুঁশিয়ারির মধ্যে গাদ্দাফি প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন, লিবিয়ার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা বিদেশের মধ্যস্থতায় ইতালি, মিশর এবং নরওয়েতে বিদ্রোহী কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে।
একটি শান্তি চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি। তবে গাদ্দাফির ক্ষমতা থেকে সরে দাাঁড়ানোর বিষয়টি নিয়ে সরকার এবং বিদ্রোহী দুপক্ষই নিজ নিজ অবস্থানে অটল থাকায় সঙ্কটের আশু সমাধান হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০২ ঘ.
bdnews24