ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর কোরিয়াকে ৯০ লাখ ইউরোর জরুরি খাদ্য সহায়তা দেবে ইউরোপীয় কমিশন। এ খাদ্য সহায়তা সরাসরি অভাবী মানুষের কাছে যাবে এমন নিশ্চয়তা পাওয়ার পরই এ সহায়তা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
ইউরোপীয় কমিশনের এ অর্থ দিয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি ও সেভ দ্য চিলড্রেনের মাধ্যমে খাদ্য কেনা হবে। এ খাদ্য হাসপাতাল ও সেবাকেন্দ্রে থাকা সাড়ে ছয় লাখ শিশু, স্তন্যদাত্রী মা, হাসপাতালের রোগী, এবং বৃদ্ধদের মধ্যে সরাসরি বিতরণ করা হবে বলে ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়।
ইইউ'র আন্তর্জাতিক সহযোগিতা, মানবিক সহায়তা ও সংকট বিষয়ক কমিশনার ক্রিস্টালিনা জর্জিভা বলেন, "উত্তর কোরিয়ার সরকার বছরের পর বছর ধরে জনগণকে ক্ষুধার্ত রেখে কর্মসূচি পরিচালনার জন্য তহবিল গড়ছে। আর এ কর্মসূচি উত্তর কোরিয়ার জনগণ বা মানবজাতির জন্য কোনো সুফল বয়ে আনে নি। কিন্তু ওই মানুষেরা যখন মারাত্মক খাদ্যাভাবে রয়েছে তখন আমাদের চোখ ও হৃদয় বন্ধ করে রাখার জন্য এটা (পরমাণু কর্মসূচি) কোনো অজুহাত হতে পারে না।"
তিনি আরো বলেন, "আমার প্রতিনিধি দল ওখান থেকে এসে আমাকে জানিয়েছে, তাদের সত্যিকারই অর্থেই সহায়তা প্রয়োজন। আমরা যদি কিছু করতে চাই তা যেন এখনই করি।"
প্রতিবেদনে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়া সরকার যে পরিমাণ রেশন বিতরণ করে তা দিয়ে দুই-তৃতীয়াংশ মানুষকে বাঁচিয়ে রাখা সম্ভব। এছাড়া প্রতিনিয়তই রেশনের পরিমাণ কমছে। চলতি বছরের এপ্রিলে প্রতিদিন মাথাপিছু ৪শ' গ্রাম খাদ্য দেওয়া হতো, জুনে তা কমে দাঁড়িয়েছে ১৫০ গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫৫ ঘ.
bdnews24