প্যারিস, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কানের ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা নিয়ে আশাবাদী তার সমর্থকরা।
যুক্তরাষ্ট্রে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ায় এ আশা করছেন ফ্রান্সের সোস্যালিস্ট পার্টির নেতারা।
গত ১৪ মে নিউইয়র্কের এক হোটেলকর্মীর যৌন নিপীড়নের অভিযোগে আটক হন স্ট্রস-কান। নিউ ইয়র্কের একটি আদালত ওই অভিযোগে তাকে গৃহবন্দী রাখার আদেশ দিলেও শুক্রবার কেবল মুচলেকা নিয়েই তাকে থেকে মুক্তি দেয় একই আদালত।
যুক্তরাষ্ট্রে অবস্থান ও আদালতে হাজির হওয়ার শর্তে মুচলেকা দিয়ে মুক্ত হন তিনি। এ মাসের শেষদিকে তাকে আবার আদালতে হাজির হতে হবে।
তাছাড়া অভিযোগকারী হোটেলকর্র্মীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় ওই মামলাই শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছে।
এতে ফ্রান্সে ২০১১ সালের মে মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে স্ট্রস-কানের প্রার্থী হওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন তার সমর্থকরা।
আটক হওয়ার আগে ওই নির্বাচনে সোস্যালিস্ট পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন স্ট্রস-কান।
সোস্যালিস্ট পার্টির সর্বশেষ প্রধানমন্ত্রী লিওনেল জসপিন বিবিসিকে জানান, সব অভিযোগ থেকে নিস্কৃতি পেলে স্ট্রস-কানকেই প্রেসিডেন্ট প্রার্থী করার কথা ভাবা হবে।
একই কথা শোনান সোস্যালিস্ট পার্টির এমপি জ্যঁ মেরি লে গুয়েন।
তিনি বলেন, "হ্যা, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন।
আমরা যা শুনেছি তা যদি সত্যি হয়। আমেরিকার আদালত যদি তাকে নিস্কৃতি দেয় এবং পুনর্বাসিত করে, তার সম্মান ও মর্যাদা ফিরিয়ে দেয় তাহলে ডমিনিক স্ট্রস-কান লড়াই করবেন। তিনি আমাদের দেশে লড়বেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/০০৫৩ ঘ.
bdnews24