নিউ ইয়র্ক/প্যারিস, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এর সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কান গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেয়েছেন।
শুক্রবার নিউ ইয়র্কের আদালতে শুনানির পর মুচলেকা দিয়ে মুক্তি পান তিনি।
নিউ ইয়র্কে এক হোটেলকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে গত মাসে আটক করা হয় কানকে।
বিবিসি জানায়, কেবল মুচলেকা দিয়ে গৃহবন্দিত্ব থেকে স্ট্রস-কানের মুক্তির ব্যাপারে রাজি হন কৌসুলিরা। এছাড়া জামিনের জন্য জমা দেওয়া ৬০ লাখ ডলার ও অঙ্গীকারনামাও তাকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত ১৪ মে নিউ ইয়র্কের একটি হোটেলকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে সেদিনই স্ট্রস-কানকে আটক করা হয়।
তবে অভিযোগকারীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় ওই মামলাই শেষ হওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৫২ ঘ.
bdnews24