২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির ডাকে যুদ্ধে নারীরা

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির আহ্বানে সাড়া দিয়ে বিদ্রোহী ও ন্যাটোবাহিনীকে মোকাবেলায় সামরিক প্রশিক্ষণ নিচ্ছে সব বয়সী নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির আহ্বানে সাড়া দিয়ে বিদ্রোহী ও ন্যাটোবাহিনীকে মোকাবেলায় সামরিক প্রশিক্ষণ নিচ্ছে সব বয়সী নারী। বৃহস্পতিবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপোলি ও এর আশপাশের এলাকার নারীরা দক্ষিণাঞ্চলীয় বিন ওয়ালিদ প্রশিক্ষণ কেন্দ্রে অস্ত্র পরিচালনায় শিক্ষা নিচ্ছেন। ওই কেন্দ্রে লিবিয়ার নারী সেনা সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হতো। বিন ওয়ালিদ কেন্দ্রের প্রশিক্ষক সার্জেন্ট ফারাজ রামাদান বলেন, মুয়াম্মার ও দেশকে রক্ষায় নারীরা এখানে অস্ত্র চালনা শিখছে। "তারা এর ব্যবহার শিখছে। গুলির ছোড়ার জন্য অস্ত্র প্রস্তুত করা এবং লক্ষ্যে গুলি ছোড়ার শিখছে তারা। তারা শিখছে এবং অসাধারণ করছে।" এ প্রশিক্ষণ কেন্দ্র থেকে সম্প্রতি প্রশিক্ষণ কোর্স শেষ করা ৪০ বছর বয়সী ফাতিমা মাসুদ জানান, প্রতিদিন বিকাল ৪টায় বস্ত্র কারখানায় কাজ শেষে তিনি প্রশিক্ষণে যোগ দেন। তিনি বলেন, "দেশ রক্ষায় আমি প্রশিক্ষণ নিই এবং সেজন্য এখন সব বয়সের নারীকে অস্ত্র চালনা শেখাচ্ছি।" গাদ্দাফির ডাকে কতোজন নারী সাড়া দিয়ে যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছেন বা নিচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নারীরও যুদ্ধে অংশ নিচ্ছে বলে নিশ্চিত করেছে সিএনএন। লিবিয়ায় ফেব্রুয়ারির মাঝামাঝি গাদ্দাফির ৪২ বছরের শাসনাবসানের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় ব্যাপক প্রাণহানির পর সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে সেনাবাহিনীর একাংশ। এছাড়া লিবিয়ায় উড্ডয়ন নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা এবং গাদ্দাফির অনুগত বাহিনীর হাত থেকে বেসামরিক নাগরিকদের রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জাতিসংঘ সিদ্ধান্ত বাস্তবায়নে অভিযান চালায় পশ্চিমা যৌথবাহিনী। সংঘর্ষের শুরুর দিকে বিদ্রোহ দমনে লিবিয়া সরকার দশ লাখেরও বেশি অস্ত্র বেসামরিক নাগরিকদের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৮০৬ ঘ.