সান ফ্রান্সিসকো, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে গুগল প্লাস নামে নতুন একটি ওয়েবসাইট চালু করেছে ইন্টারনেটে সার্চ ইঞ্জিন গুগল।
পরীক্ষামূলকভাবে বর্তমানে স্বল্প সংখ্যক গ্রাহক নিয়ে কাজ করবে গুগল প্লাস। গুগলের আমন্ত্রণ পাওয়া গ্রাহকরাই এখন কেবল ওই সেবা গ্রহণ করতে পারবেন। তবে কখন ওয়েবসাইটটি সবার জন্য উন্মুক্ত হবে সে বিষয়ে কিছু বলেনি কর্তৃপক্ষ।
ফেসবুক ও টুইটারের মতো ওয়েবসাটগুলোর জনপ্রিয়তা ক্রমশ বাড়তে থাকায় এ উদ্যোগ নিলো গুগল। ইন্টারনেটে গুগলের প্রায় ৫০ কোটি ব্যবহারকারী রয়েছে।
মঙ্গলবার প্রকাশ করা গুগল প্লাস-এ যুক্ত করা হয়েছে অনলাইনে গুগলের সব ধরনের তথ্য।
গুগল প্লাসে ফেসবুকের মতোই ছবি, বার্তা ও মন্তব্য বিনিময় করতে পারবেন গ্রাহকরা। এক্ষেত্রে জোর দেওয়া হয়েছে 'পরিবারের সদস্য', 'সহকর্মী', 'সহপাঠী' এমন বিভিন্ন ছোটো ছোটো গ্র"পের ওপর।
এসব গ্র"পের সদস্যরা তাদের আপলোড করা ছবি-ভিডিও বা বিভিন্ন বার্তা কেবলমাত্র নিজেদের মধ্যে সীমিত রাখতে পারবেন। অন্যান্য সামাজিক যোগাযোগ সাইটের চেয়ে গুগল প্লাসে গ্রাহকের প্রাইভেসি রক্ষার বিষয়টিতে বেশি জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গুগলের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ব্রাডলি হোরোভিটজ বলেন, "অনলাইন জগতে 'শেয়ার বক্স' আছে। সেখানে আপনি লিখতে পারেন। সেগুলো কে দেখতে যাচ্ছে সে বিষয়ে আপনি কিছু বুঝতে পারেন না বা কোথায় সেটি অবস্থান করবে বা ছয় মাস পরে তা কিভাবে আপনাকে লজ্জায় ফেলতে পারে সে বিষয়ে আপনার কোনো ধারণা থাকে না।
আমাদের কাছে প্রাইভেসি ছয় প্যানেলের নিচে চাপা থাকবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/১৯০৫ ঘ.
bdnews24