২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে বিক্ষোভে পুলিশের টিয়ারগ্যাস

মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে মুবারক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত বিচারের দাবিতে প্রায় ৩ হাজার মানুষের বিক্ষোভ টিয়ারগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 10:49 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

কায়রো, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে মুবারক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত বিচারের দাবিতে প্রায় ৩ হাজার মানুষের বিক্ষোভ টিয়ারগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করেছে পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশের দিকে পাথর ছুড়ে মারে। মঙ্গলবার রাতভর এ সংঘর্ষে ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা। মিশরে মুবারক বিরোধী বিক্ষোভের সময় নিহত ৮৪০ জনের পরিবারের সদস্যরা এ বিক্ষোভ করেছে। ফেব্রুয়ারিতে মুবারক বিরোধী বিক্ষোভের সময় তাহরির স্কয়ারই ছিল আন্দোলনের কেন্দ্রবিন্দু। বেকারি কর্মী আহমেদ আব্দেল হামিদ (২৬) বলেন, "কর্মকর্তাদের বিরুদ্ধে মামলায় বিলম্বের কারণে জনগণ ক্ষুব্ধ হয়েছে।" তিনি আরো জানান, 'শহীদদের' স্মরণে সমবেতদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ বিক্ষোভকারীদের কয়েকজন 'এ শাসনের অবসান চাই' শ্লোগান দেয়। অন্যরা মিশরের সামরিক পরিষদের প্রধান ফিল্ড মার্শাল মোহাম্মেদ হুসাইন তানতাওয়ির পদত্যাগের দাবি জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু লোককে স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছিল এবং তারা যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ বাধ্য হয়েই এতে হস্তক্ষেপ করেছে। এতে আরো বলা হয়, ওই দলটি অন্য জায়গায় চলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দাঙ্গার অভিযোগে সাতজনকে আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৪ ঘ.