কাবুল, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তালেবান হামলায় ১০ জন নিহত হওয়ার পর আরো হতাহতের সন্ধান এবং ভবনটির নিরাপত্তা নিশ্চিত করতে রুমে রুমে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আফগান কর্মকর্তারা জানান, মঙ্গলরাতে রাতে আত্মঘাতী বোমা হামলার পাশাপাশি ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ওই হোটেলে অতর্কিত আক্রমণ করে তালেবান সদস্যরা।
৯ জন হামলাকারী রকেট-চালিত গ্রেনেড এবং অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে নিরাপত্তা বেষ্টিত হোটেলটিতে হামলা চালায়। ন্যাটোর হেলিকপ্টার ছাদের ওপর থাকা শেষ হামলাকারীকে মারার আগ পর্যন্ত পাঁচঘণ্টা ব্যাপী লড়াই চলে।
একটি আন্তর্জাতিক সম্মেলন শুরুর কিছু সময় আগে এ হামলা হয়। ওই সময় হোটেলে প্রচুর বিদেশি ছিলো।
নিহতদের মধ্যে ৮ জন সাধারণ আফগান ও পুলিশ এবং একজন বিদেশি। বিদেশি নাগরিকটি একজন স্প্যানিশ পাইলট বলে জানিয়েছে স্পেনের পররাষ্ট্রমন্ত্রণালয়।
হোটেলের এক অভ্যর্থনাকর্মী জানান, বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটানোর পর হামলাকারীরা মঙ্গলবার রাতে হোটেলে প্রবেশ করে বলরুমে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মী রয়টার্সকে জানায়, হামলাকারীদের কেউ কেউ টেপ রেকর্ডার বহন করছিল। এতে তালেবান যুদ্ধ সংগীত বাজছিল এবং তারা সামনে যাকে পেয়েছে তাকেই গুলি করেছে। হোটেলের অতিথিরা পালানোর জন্য তিন ও চার তলা থেকে লাফিয়ে পড়েছে।
তালেবান হামলার পরপরই অভিযানে নামে আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো বাহিনী। পাঁচ ঘণ্টা ধরে তালেবানের সঙ্গে যুদ্ধ চলে তাদের। ওই সময় পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনেছেন রয়টার্সের সাংবাদিক। ভবন থেকে ধোঁয়াও উড়তে দেখা যায়।
ন্যাটো বাহিনী হেলিকপ্টারের সাহায্যে হোটেলের ছাদে তিন হামলাকারীকে হত্যা করেছে বলে আফগানিস্তানে মোতায়েন যৌথবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন।
কাবুলের পুলিশ প্রধান আইয়ুব সালাঙ্গি সাংবাদিকদের বলেন, "আর কোনো নিরাপত্তা হুমকি বা হতাহত আর কেউ হোটেলে রয়েছে কিনা তা খুঁজে দেখতে পুলিশ রুমে রুমে তল্লাশি চালাচ্ছে।"
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, এ ঘটনায় আরো আটজন আহত হয়েছে এবং নিহত ১০ জনের মধ্যে দুই পুলিশ রয়েছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকী জানিয়েছেন, হামলায় অংশ নেওয়া জঙ্গিরা সবাই মারা গেছে।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায়িত্ব স্বীকার করে টেলিফোনে রয়টার্সকে বলেন, এক দল যোদ্ধা এ অভিযানে অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১১০৯ ঘ.
bdnews24