২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ ছেড়ে পালালেন আফগান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল কাদির ফিতরাত প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। সোমবার ব্যাংকের গভর্নর পদ থেকে পদত্যাগ করার কথাও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 02:30 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ভার্জিনিয়া, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল কাদির ফিতরাত প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। সোমবার ব্যাংকের গভর্নর পদ থেকে পদত্যাগ করার কথাও জানিয়েছেন তিনি। কাবুল ব্যাংকের জালিয়াতির তদন্তের কারণে তার জীবন বিপন্ন হওয়ায় পদত্যাগ করেছেন বলে জানান ফিতরাত। ওয়াশিংটনের উত্তরাঞ্চলীয় ভার্জিনিয়া শহরতলীতে একটি হোটেলে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "কাবুলে আমার পদত্যাগ করতে না পারার কারণ আমার জীবন বিপন্ন।" সরকারের প্রভাবশালী মহল চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং কাবুলের উর্ধ্বতন রাজনৈতিক কতৃর্পক্ষ কাবুল ব্যাংকের কেলেঙ্কারি তদন্তে কেন্দ্রীয় ব্যাংকের প্রচেষ্টা ক্ষুন্ন করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন ফিতরাত। তিনি দেশে ফিরবেন না বলেও জানান। ফিতরাতের পদত্যাগ দেশদ্রোহীতার শামিল বলে মন্তব্য করেছেন আফগান সরকারের মুখপাত্র ওয়াহীদ ওমর। খোদ ফিতরাতের বিরুদ্ধেও তদন্ত চলছে বলে জানান তিনি। কাবুল ব্যাংক আফগানিস্তানের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক। গত বছর এ ব্যাংকের শ' শ' মিলিয়ন ডলার খোয়া যাওয়ার ব্যাংকটি মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়। এ সঙ্কটে যারা জড়িত ছিলো আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই তার পূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ফিতরাত বলছেন, কেন্দ্রীয় সরকার তাকে তদন্তকাজে এবং ব্যাংকের সম্পদ পুনরুদ্ধারে কোনো সহযোগিতা করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২১ ঘ.