দ্য হেগ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সোমবার মানবতার বিরদ্ধে অপরাধের অভিযোগে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
মধ্য ফেব্রুয়ারিতে গাদ্দাফির শাসনাবসানের দাবিতে লিবিয়ায় বিক্ষোভ শুরু হলে তা দমন করতে বেসামরিক মানুষ হত্যার নির্দেশ দেওয়ারও অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
একই অভিযোগে গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম ও লিবিয়ার গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ আল-সেনুসির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।
লিবিয়ায় পূর্ব-পরিকল্পিতভাবে বিক্ষোভকারী হত্যার জন্য আইসিসি'র কৌসুলি লুইস মোরোনো-ওকাম্পো মে মাসেই তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ জানিয়েছিলেন।
গাদ্দাফি বিরোধী বিক্ষোভ-সংঘর্ষে লিবিয়ায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়।
নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে হামলা চালানোর জন্য গাদ্দাফি, সাঈফ আল ইসলাম এবং সেনুসি তিনজনকেই দায়ী করেন ওকাম্পো।
আদালতে ওকাম্পো বলেন, গাদ্দাফি ব্যক্তিগতভাবে নিরস্ত্র জনতার ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন এবং রাজনৈতিক প্রতিপক্ষদের ধরপাকড় করাসহ নির্যাতন চালানোর নেপথ্যে ছিলেন এমন প্রমাণ আদালতের কাছে আছে।
আইসিসি'র রায়েও বলা হয়েছে, তিনজনই অপরাধ করেছে একথা বিশ্বাস করার 'যুক্তিসঙ্গত ভিত্তি' আছে।
আইসিসি এর আগে ২০০৯-২০১০ সালে দারফুরে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধের জন্য সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এরপর গাদ্দাফির বিরুদ্ধে আইসিসি'র এ পরোয়ানা জারি হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৩২ঘ.
bdnews24