২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ছাড়তে হলো ব্রিটিশ সেনা প্রশিক্ষকদের

সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণের কাজে নিয়োজিত থাকা সামরিক প্রশিক্ষকদের প্রত্যাহার করেছে ব্রিটেন। পাকিস্তানের অনুরোধে এ সিদ্ধান্ত নেয় পশ্চিমা দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 10:08 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ইসলামাবাদ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণের কাজে নিয়োজিত থাকা সামরিক প্রশিক্ষকদের প্রত্যাহার করেছে ব্রিটেন। পাকিস্তানের অনুরোধে এ সিদ্ধান্ত নেয় পশ্চিমা দেশটি। পাকিস্তানকে না জানিয়ে গত ২ মে ইসলামাবাদের নিকটবর্তী সেনা শহর অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন-লাদেনতে হত্যা করে মার্কিন কমান্ডো বাহিনী। ওই অভিযানের পর পাকিস্তানের সার্বভৌমত্ব নিয়ে দেশে- বিদেশে প্রশ্ন ওঠে। পশ্চিমা পৃষ্ঠপোষকদের থেকে নিজেদের স্বাধীনতা প্রমাণের জন্য চাপে পড়ে সরকার। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে পাকিস্তান থেকে একশ'র বেশি সেনা প্রশিক্ষককে দেশে ফিরেয়ে নিয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে ব্রিটেন বলছে, নিরাপত্তার কারণে সেনা প্রশিক্ষকদের প্রত্যাহার করা হয়েছে। ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশনের মুখপাত্র জর্জ শেরিফ সোমবার রয়টার্সকে বলেন, "নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকায় সেনা প্রশিক্ষকদের সাময়িকভাবে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে পাকিস্তান সরকার।" যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, পাকিস্তান থেকে অন্তত ১৮ জন সেনা প্রশিক্ষক প্রত্যাহার করা হয়েছে। সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে নিয়োজিত পাকিস্তানের আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস'র সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছিলেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৬১০ ঘ.