মাইডুগুরি, নাইজেরিয়া, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় মাইডুগুরি শহরের একটি পানশালায় বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকাল ৫টার দিকে মোটরসাইকেলের ওপর থেকে দুই ব্যক্তি পানশালায় তিনটি বোমা ছোড়ে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, হামলাকারীরা ইসলামপন্থী বোকো হারাম গ্র"পের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
মুসলমানদের পশ্চিমা সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত বলে মনে করে উগ্রপন্থী এ গ্র"পটি।
নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে এক সেনা কর্মকর্তা বলেন, "মাইডুগুরির ডালা ওয়ার্ডে কয়েক দফা বোমা হামলায় ২৫ জনের মতো মারা গেছে।"
হামলায় আরো ৩০ জন আহত হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
নাইজেরিয়ায় শরীয়া আইন চালুর দাবিতে লড়াই চালিয়ে যাওয়া বোকো হারাম গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর ওপরও হামলা চালিয়ে আসছে।
এ মাসের শুরুর দিকে রাজধানী আবুজায় পুলিশ সদর দপ্তরের বাইরে বোমা হামলা চালায় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৩১৪ ঘ.
bdnews24