ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন সেনা কমান্ডারদের মধ্যে সততা ও দক্ষতার অভাব এবং অধস্তনদের সঙ্গে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্ট রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নেতৃত্ব ও মনোবল নিয়ে মার্কিন সেনাবাহিনীর এক সমীক্ষায় দেখা গেছে, ৮০ শতাংশের বেশি সেনা কর্মকর্তা ও সার্জেন্ট গত বছর একজন 'দুষ্ট' কমান্ডারকে দেখেছেন এবং ২০ শতাংশ সরাসরি ওই ধরনের একজন কমান্ডারের অধীনে কাজ করেছেন।
সেন্টার ফর আর্মি লিডারশিপ পরিচালিত ওই সমীক্ষায় এ প্রসঙ্গে ২২ হাজার সেনা সদস্যের বক্তব্য গ্রহণ করা হয়। গত মাসের শেষদিকে এটি প্রকাশ করা হয়।
এ বছর ইরাক ও আফগানিস্তানের যুদ্ধক্ষেত্র থেকে তিনটি ব্রিগেডের কমান্ডারদের প্রত্যাহার করায় এবারের সমীক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। যুদ্ধক্ষেত্রে একজন কর্নেলের নেতৃত্বে পাঁচ হাজার সৈন্য নিয়ে একটি ব্রিগেড গঠিত হয়। ব্রিগেডের নেতৃত্ব নিয়ে সেনা কর্মকর্তাদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতাও চলে।
সমীক্ষায় 'দুষ্ট নেতা' বলতে সেই সব কমান্ডারদের বোঝানো হয়েছে যারা নিজের প্রয়োজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এরা অধীনস্তদের প্রয়োজনকে তেমন গুরুত্ব না দিয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হন।
'দুষ্ট' কমান্ডারের অধীনে কাজ করা সেনা সদস্যদের মধ্যে অর্ধেকের মতো মনে করেন, ওই সব স্বার্থপর ও ক্ষমতার অপব্যবহারকারীই নেতৃত্বে আরো উপরে যাবেন।
সমীক্ষা প্রতিবেদনের সমাপ্তিতে বলা হয়, "এটা সেনাবাহিনীর মধ্যে একটি স্বার্থপর চক্র গড়ে তুলবে যা ক্ষতিকর এবং তা বাহিনীর সদস্যদের মনোবলে স্থায়ীভাবে নেতিবাচক প্রভাব ফেলবে। এই দুষ্ট নেতৃত্ব এমনিতেই ঠিক হয়ে যাওয়ারও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।"
সেনা সদস্যদের মনোবল, নেতৃত্বের সার্বিক গুণাবলী এবং অবসর নেওয়া পর্যন্ত কর্মকর্তাদের এ বাহিনীতে থাকার ইচ্ছা- এসব বিষয় বের করার জন্য ২০০৫ সাল থেকে মার্কিন সেনাবাহিনীর নেতৃত্ব নিয়ে বার্ষিক সমীক্ষা চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৯০৯ ঘ.
bdnews24