২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার হামলার সমাপ্তি ঘোষণা করলো লুলজসিকিউরিটি

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ, যুক্তরাষ্ট্রের সিনেট, ব্রিটিশ পুলিশ এবং কর্পোরেট কোম্পানি সনির ওয়েবসাইট হ্যাকিং করে চাঞ্চল্য সৃষ্টিকারী হ্যাকারগ্রুপ লুল্জ সিকিউরিটি তাদের অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 09:59 AM

Updated : 24 Aug 2022, 03:25 PM

নিউ ইয়র্ক, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ, যুক্তরাষ্ট্রের সিনেট, ব্রিটিশ পুলিশ এবং কর্পোরেট কোম্পানি সনির ওয়েবসাইট হ্যাকিং করে চাঞ্চল্য সৃষ্টিকারী হ্যাকারগ্রুপ লুল্জ সিকিউরিটি তাদের অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে। শনিবার রাতে গ্রুপটি টুইটার অ্যাকাউন্টে তাদের হ্যাকিং অভিযান শেষ হওয়ার কথা জানায়। টুইটারে একটি প্রেস বিজ্ঞপ্তিতে গ্রুপটি জানায়, তাদের পরিকল্পিত ৫০ দিনব্যাপী হ্যাকিংয়ের পর তারা এ দু:সাহসিক অভিযান শেষ করছে। বিজ্ঞপ্তিতে গ্রুপটির ছয়জন সদস্য থাকারও ইঙ্গিত পাওয়া গেছে। গত প্রায় দুইমাস ধরে শীর্ষস্থানীয় বিভিন্ন বহুজাতিক কোম্পানি ও পশ্চিমা সরকারগুলোর বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে গ্রুপটি। তবে কি কারণে তারা হ্যাকিং বন্ধ করে দিচ্ছে সে বিষয়ে কিছু জানায়নি গ্রুপটি। লুলজ সিকিউরিটির এ প্রেস বিজ্ঞপ্তিটি 'দ্য পাইরেট বে' নামের একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। এতে বলা হয়, "গত ৫০ দিনে আমরা বিভিন্ন কোম্পানি, সরকারের কাজে বিঘ্ন ঘটিয়েছি এবং তাদের নথি প্রকাশ করে দিয়েছি। মাঝে মাঝে সাধারণ জনগণের। সম্ভবত সবাইকেই এর মধ্যে ফেলে দিয়েছি। আমরা পারি, এটা দেখাতেই এমনটি করেছি।" এতে আরো বলা হয়, "সময় এসেছে অভিযানের সমাপ্তি টানার। আমাদের এখন অনেক দূরে চলে যেতে হবে।" শেষ দিন হ্যাকিং গ্রুপটি অ্যারিজোনা পুলিশ ডিপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্রের টেলিকম কোম্পানি এটিঅ্যান্ডটি'র নথি প্রকাশ করেছে। পর্যবেক্ষণকারীদের বিশ্বাস, 'লুলজ' বেনামী হ্যাকারদের একটি শাখা দল। এরা বেশ বড়, ঢিলেঢালাভাবে সংগঠিত একটি দল। এরা অন্যান্য হ্যাকারদের এমন লক্ষ্যে হামলার জন্য প্ররোচিত করে যাদের তারা অনৈতিক বলে বিবেচনা করে। লুজজ শব্দটি 'হাসি(লাফ)'র ইন্টারনেট প্রতিশব্দ। লুলজ সিকিউরিটির সঙ্গে জড়িত সন্দেহে এক ব্রিটিশ কিশোরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে বলে লন্ডন পুলিশ আল জাজিরাকে জানিয়েছে। রায়ান ক্লিয়ারি (১৯) নামের ওই কিশোরকে দক্ষিণপূর্ব ইংল্যান্ডের উইকফোর্ডে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। লুলজ সিকিউরিটি ওপর ব্রিটিশ পুলিশ ও যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন'র তদন্তের অংশ হিসেবে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/এলকিউ/১৫১৬ঘ.