২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুল্লাহে সিআইএ'র গুপ্তচর

দলের তিন সদস্যকে গুপ্তচর হিসেবে সনাক্ত করেছে লেবাননের ইসলামী দল হিজবুল্লাহ। এরমধ্যে দুজন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ'র হয়ে কাজ করতো বলেও নিশ্চিত হয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 07:16 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

বৈরুত, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দলের তিন সদস্যকে গুপ্তচর হিসেবে সনাক্ত করেছে লেবাননের ইসলামী দল হিজবুল্লাহ। এরমধ্যে দুজন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ'র হয়ে কাজ করতো বলেও নিশ্চিত হয়েছে তারা। হিজবুল্লাহর প্রধান নেতা সৈয়দ হাসান নাসরাল্লাহ শুক্রবার দলের মধ্যে তিন গুপ্তচর আটকের কথা জানিয়েছেন। লেবাননে গুপ্তচর আটকের ঘটনা প্রায়ই ঘটলেও হিজবুল্লার ভেতরে গুপ্তচর ধরা পড়ার ঘটনা এটাই প্রথম। তবে এ গুপ্তচররা হিজবুল্লাহর আন্দোলন বা সামরিক সামর্থ্যরে ক্ষতি করার মতো কিছু করতে পারেনি বলে জানিয়েছেন নাসরাল্লাহ। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, "দলের প্রথম সারির নেতাদের কেউ নন তারা। গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কোনো দায়িত্বও তাদের দেওয়া হয়নি বা এমন কোনো পদেও তারা ছিলেন না। "প্রতিরোধ আন্দোলনের সামরিক বা নিরাপত্তা অবকাঠামো ছোঁয়া তাদের পক্ষে সম্ভব ছিলো না। আমাদের প্রতিরোধ আন্দোলনের ক্ষতি করার মতো কোনো স্পর্শকাতর তথ্য তাদের কাছে ছিলো না।" হিজবুল্লাহ প্রধান দাবি করেছেন, সিআইএ'র যে প্রতিনিধিরা এ চরদের নিযুক্ত করেছে বৈরুতের মার্কিন দূতাবাস থেকে তারা সুবিধা পেত। তিনি অভিযোগ করেন, সিআইএ ইসরাইলের পক্ষ হয়ে এ চরদের নিযুক্ত করে। ইসরাইল হিজবুল্লাহর সাংগঠনিক কাঠামোতে ভাঙন ধরাতে না পেরে সিআইএ'র শরণাপন্ন হয়। যুক্তরাষ্ট্রের বৈরুত দূতাবাসকে ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির কেন্দ্র বলে অভিহিত করেন নাসরাল্লাহ। যুক্তরাষ্ট্রের বৈরুত দূতাবাস অবশ্য হিজবুল্লাহ প্রধানের অভিযোগ তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে। দূতাবাসের এক মুখপাত্র বলেন, হিজবুল্লাহ প্রায়ই এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করে। হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে যুক্তরাষ্ট্র। ২০০৬ সালে হিজবুল্লাহ একটানা ৩৪ দিন ইসরাইলের সঙ্গে যুদ্ধ চালিয়ে যায়। ওই সময় ইসরাইলের অনেক ভিতরে রকেট হামলা চালায় তারা আর ইসরাইলি নৌবাহিনীর একটি জাহাজও তাদের হামলায় ক্ষতিগ্রস্থ হয়। অমিমাংসিত ওই যুদ্ধে ১২শ লেবাননি ও ১৫৮ ইসারাইলি প্রাণ হারায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১৩০০ ঘ.