২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা শুরু

ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোর বিরুদ্ধে শুক্রবার ক্ষমতার অপব্যবহার মামলার শুনানি হয়েছে রাজধানী কিয়েভের একটি আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

কিয়েভ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোর বিরুদ্ধে শুক্রবার ক্ষমতার অপব্যবহার মামলার শুনানি হয়েছে রাজধানী কিয়েভের একটি আদালতে। প্রধানমন্ত্রী থাকাকালে ২০০৯ সালে রাশিয়ার সঙ্গে গ্যাস সরবরাহ চুক্তি করার সময় ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ আছে টিমোশেঙ্কোর বিরুদ্ধে। এ অভিযোগে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সিদ্ধান্ত নিতে শুক্রবার আদালতে মামলার শুনানি হয়। টিমোশেঙ্কো সরকারের সঙ্গে আলোচনা না করেই নাফটোগ্যাজ প্রতিষ্ঠানের প্রধানকে রাশিয়ার গ্যাজপ্রোম এর সঙ্গে চুক্তিবদ্ধ হতে বাধ্য করেছিলেন। তদন্তকারীরা বলছেন, টিমোশেঙ্কো ১০ বছরের জন্য রাশিয়া থেকে চড়া দামে প্রাকৃতিক গ্যাস কিনতে চুক্তিবদ্ধ হয়ে ইউক্রেনের অর্থনীতিকে ধংসের মুখে ঠেলে দিয়েছিলেন। ওই চুক্তি করার জন্য মন্ত্রিসভার অনুমোদন ছিলো না। তবে টিমোশেঙ্কো এখনো এ অভিযোগ অস্বীকার করে আসছেন। শুক্রবার আদালতের শুনানিতে তিনি এ অভিযোগকে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ এর রাজনৈতিক প্রতিহিংসা বলে পাল্টা অভিযোগ করেন। তিনি আদালতের বিচারককেও প্রেসিডেন্টের প্রশাসনের হাতের পুতুল আখ্যা দিয়ে তার কাছ থেকে কোনো অভিযোগ শুনতে অস্বীকৃতি জানান। ২০১০ সালে অনাস্থা ভোটে হেরে টিমোশেঙ্কো প্রধানমন্ত্রীত্ব হারান। গ্যাস চুক্তি নিয়ে অভিযোগই তার বিরুদ্ধে প্রথম নয়। ডিসেম্বরে তার বিরুদ্ধে ৩২০ মিলিয়ন ইউরো অপব্যবহারেরও অভিযোগ ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১০ ঘ.