আম্মান, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সীমান্ত অঞ্চলে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ায় সিরিয়ার বাণিজ্যিক শহর আলিপ্পো থেকে তুরস্কমুখী প্রধান সড়কে বুধবার সেনা মোতায়েন করেছে সিরীয় সরকার।
একইদিনে আলিপ্পো শহরের উত্তরের হেইটান এলাকা থেকে এদিন শ' খানেক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় অধিবাসীরা একথা জানিয়েছে।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে চলা বিক্ষোভের শততম দিন ছিল বুধবার।
এদিন সেনাসদস্য ও পুলিশ সাঁজোয়া যান নিয়ে ওই সড়কটিতে ব্যারিকেড বসায়। ইউরোপ থেকে আমাদানী করা পণ্যবাহী ট্রাক এ পথ দিয়েই মধ্যপ্রাচ্যে প্রবেশ করে।
সিরিয়ার ইদলিব প্রদেশের উত্তরপশ্চিম এলাকার শরণার্র্থীরা জানিয়েছেন, সাঁজোয়াযানসহ সিরিয়ার সেনারা এখন কিরবাত আল-যোজ এলাকায় তুরস্ক সীমান্তের ৫শ মিটারের মধ্যে অবস্থান করছে।
ইতোমধ্যেই সিরিয়া থেকে বিপুল সংখ্যক শরণার্থী প্রবেশের পর তুরস্কও প্রতিবেশী দেশটির ক্রমাবনতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলমেলা কথা বলতে শুরু করেছে। '৮০র দশকে পিতা হাফেজ আল আসাদের শাসনামলে যে ধরণের গণহত্যা চালানো হয়েছিল সে ঘটনার পুনরাবৃত্তি না করতে বাশার আল আসাদকে সতর্ক করে দিয়েছে তুরস্ক।
তুরস্কের এক উর্ধ্বতন কর্মকর্তা রোববার বলেছেন, বিদেশী হস্তক্ষেপ এড়াতে হলে এক সপ্তাহের মধ্যে প্রতিশ্রুত সংস্কার শুরু করতে হবে আসাদকে। তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
আসাদ পরিবারের ৪১ বছরের শাসনাবসান ও রাজনৈতিক স্বাধীনতার দাবিতে দেশটির তুরস্ক সীমান্তবর্তী উত্তরাঞ্চলে বিক্ষোভ বাড়ছে।
সুন্নি অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর আলিপ্পো অবশ্য এখনো বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেনি। শহরটিতে প্রচুর নিরাপত্তারক্ষী মোতয়েন আর এখানকার ধনী সুন্নি ব্যবসায়ীদের সাথে ক্ষমতাসীন শিয়া আলাউয়িতি গোষ্ঠীর সুসম্পর্ককেই এর কারণ বলে মনে করা হচ্ছে।
তবে, সরকার বিরোধী বিক্ষোভ চলছে আলিপ্পো বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভ দমনে গত তিন দিনে বিশ্ববিদ্যালয়টির ২শ' ১৮ জন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার নিরাপত্তা রক্ষীরা এখানে এক বিক্ষোভকারীকে হত্যা করেছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
সিরিয়ার মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা রক্ষীরা ইদলিব প্রদেশে ১শ' ৩০জনেরও বেশি বেসামরিক লোককে হত্যা করেছে ও ২ হাজার ব্যক্তিকে আটক করেছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানায়, গত ৭ জুন থেকে প্রতিদিন প্রায় ৫শ থেকে ১৫শ লোক তুরস্কে পালিয়ে যাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, চলমান সংঘর্ষ থেকে গৃহযুদ্ধ শুরুর ঝুঁকিতে রয়েছে দেশটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এএমটি/১৫০০ ঘ.
bdnews24