ওয়াশিংটন, জুন ২৩ (বিডিনিউজ টেয়োন্টিফোর ডটকম/রয়টার্স)- এ বছর ১০ হাজার সৈন্য প্রত্যাহার করে ধাপে ধাপে আফগানিস্তান থেকে সব সৈন্য ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি জানান, চলতি বছরে ১০ হাজার সেনা প্রত্যাহার করা হবে, আগামী গ্রীষ্মে ফিরিয়ে আনা হবে আরো ২৩ হাজার সেনাকে। ধারাবাহিকভাবে অবশিষ্ট সেনাদের প্রত্যাহার করা হবে।
ওবামার এ ঘোষণার মাধ্যমে দীর্ঘস্থায়ী, ব্যয়বহুল যুদ্ধশেষ করে দেশের ভঙ্গুর অর্থনীতির দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র।
১৫ মিনিটের ওই ভাষণে ওবামা বলেন, বৈশ্বিক ভাবমূর্তি পুনরুদ্ধার, হোঁচট খাওয়া অর্থনীতি পুনর্গঠন, আর দেশে বেকারত্ব হ্রাস করার জন্য সংগ্রামরত যুক্তরাষ্ট্র, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার সূত্রে শুরু হওয়া দশকব্যাপী অভিযান শেষ করবে এবং সেনা শক্তিকে সংযতভাবে ব্যবহার করবে।
"আজ রাতে, আমরা আরাম করে বিশ্রাম নিতে পারি এটা জেনে যে যুদ্ধের স্রোত কমে আসছে। এখন নিজ দেশ গড়ার সময়", বলেন ওবামা।
আফগানিস্তান থেকে ওবামার সেনা প্রত্যাহার পরিকল্পনা অনেকের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস প্রেসিডেন্ট ওবামার পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন। কিন্তু পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা পরিকল্পনাটি সহজভাবে নাও নিতে পারেন বলে মনে করা হচ্ছে। কারণ তারা আশঙ্কা করছেন, মার্কিন সৈন্য প্রত্যাহার করা হলে আফগানিস্তান আবার ইসলামী জঙ্গিদের দখলে চলে যাবে।
দশককাল আগে মার্কিন বাহিনী আফগানিস্তানে অভিযান শুরুর পর সেখানে তালেবান শাসনের অবসান ঘটে। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এখনো শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত করতে পারেনি তারা। বর্তমান আফগান সরকার অত্যন্ত দুর্বল ও দুর্নীতিগ্রস্ত হিসেবেই পরিচিত। জঙ্গিদের দমনেও সফলতা আশানুরূপ নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১৩১৪ ঘ.
bdnews24