২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার ঝুঁকিতে পাকিস্তানের ৫০ লাখ মানুষ: জাতিসংঘ

পাকিস্তানের প্রায় ৫০ লাখ মানুষ এ বছর বন্যার ঝুঁকির মুখে রয়েছে বলে বুধবার জানিয়েছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

নয়া দিল্লি, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রায় ৫০ লাখ মানুষ এ বছর বন্যার ঝুঁকির মুখে রয়েছে বলে বুধবার জানিয়েছে জাতিসংঘ। দুর্বল অবকাঠামো এবং গত বছরের ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতায় যারা বেঁচে আছেন তাদের যথাযথ পুনর্বাসন না হওয়াই এ ঝুঁকির কারণ। পাকিস্তানে জাতিসংঘের জরুরি কার্যালয়ের (ওসিএইচএ) প্রধান ম্যানুয়েল বেসলার বলেছেন, "এ বছর বন্যায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। তবে পরিস্থিতি আরো খারাপ হলে ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা দুই ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছি।" গত বছর জুলাইয়ের শেষের দিকে পাকিস্তান জুড়ে মৌসুমী বন্যা ফুঁসে উঠে। বন্যাকবলিত অঞ্চল আয়তনের দিক থেকে ছিলো ইতালির সমান। এতে ১ কোটিরও বেশি মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ওই সংকটের সময় সরকার ও সাহায্যকারী সংস্থাগুলো ধীর পদক্ষেপের কারণে সমালোচনার মুখে পড়ে। বরং তখন সেনা বাহিনীকেই তৎপর দেখা গেছে এবং তারাই ত্রাণ ও পুনর্বাচন কর্মসূচিতে মূল ভূমিকা পালন করে। আগামী দিনগুলোতে পাকিস্তানে আবার মৌসুমী মৌসুম আসছে। এর স্থায়িত্বকাল জুনের শেষ দিক থেকে সেপ্টেম্বরের প্রথম দিক পর্যন্ত। জাতিসংঘ জানায়, কর্তৃপক্ষ ও সাহায্যকারী সংস্থাগুলোর শিক্ষা হয়েছে এবং আগের চেয়ে তারা এখন ভালো প্রস্তুতি নিয়েছে। পাকিস্তানে জাতিসংঘের জরুরি কার্যালয়ের প্রধান ম্যানুয়েল বেসলার বলেছেন, "মার্চের শুরু থেকে আমরা সরকারের সঙ্গে ভালোভাবে যোগাযোগ রাখছি এবং এজন্য এ ব্যাপারে এবার ভালো প্রস্তুতি রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৮ ঘ.