২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরক্ষামন্ত্রী পদে প্যানেট্টাতে সায় যুক্তরাষ্ট্রের সিনেটরদের

নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে লিওন প্যানেট্টার মনোনয়ন অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সিনেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 06:20 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ওয়াশিংটন, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে লিওন প্যানেট্টার মনোনয়ন অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সিনেট। ফলে রবার্ট গেটসের উত্তরসূরি হিসেবে আগামী ১ জুলাই কাজ শুরু করবেন সিআইএ'র সাবেক প্রধান প্যানেট্টা। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পেন্টাগন তার অধীনে আসছে। মঙ্গলবার সিনেটে ভোটাভুটিতে সর্বসম্মতভাবে প্যানেট্টার মনোনয়ন অনুমোদিত হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্যানেট্টাকে গত মাসে মনোনয়ন দেন। প্রতিরক্ষামন্ত্রী পদে প্যানেট্টার মনোনয়নকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সিনেটে যে মতৈক্য দেখা যায়, তা বিরল। তার পক্ষে শতভাগ ভোটই পড়ে। ভোটের আগে আলোচনায় সিনেটররা সবাই প্যানেট্টার প্রশংসা করেন। ৭২ বছর বয়সী প্যানেট্টা গত কয়েক দশকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তবে সামনে তার নতুন দায়িত্বের চাপও মনে করিয়ে দেন সিনেট সদস্যরা। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্যানেট্টা কাজ শুরুর পরই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরু হবে। প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমানোর চাপও মোকাবেলা করতে হবে তাকে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার জুলাই মাসে শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। লিওন প্যানেট্টা ২০০৯ সালের ফেব্রুয়ারিতে সিআইএ প্রধানের দায়িত্ব নেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রধান ইস্যু আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে খুঁজে বের করাকে তার সাফল্য বলেই বিবেচনা করা হয়। পাকিস্তানের অ্যাবোটাবাদে ১ মে রাতে যুক্তরাষ্ট্রের নেভি সিল কমান্ডোরা বিন লাদেনকে হত্যা করে। সিআইএ সদর দপ্তর থেকে প্যানেট্টা ওই অভিযানের সরাসরি তত্ত্বাবধান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১২০০ ঘ.