ওয়াশিংটন, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দৈত্যসম এক কৃষ্ণগহ্বর টুকরা টুকরা করে ফেলছে সূর্যের মত একটি তারকাকে। আর এর ফলে সৃষ্টি হচ্ছে বিস্ময়কর দীর্ঘস্থায়ী গামা রশ্মির ঝলক যা সম্ভবত আর দশ লক্ষ বছরের মধ্যেও দেখা যাবে না।
জ্যোতির্বিজ্ঞানীরা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ের যশুয়া ব্লুম বলেছেন, "আমাদের দেখা অন্যান্য বিস্ফোরণগুলো থেকে এটি একবারে আলাদা"।
তিনি এ বিস্ফোরণ নিয়ে যুগ্ম গবেষকের কাজ করেছেন এবং তাদের প্রতিবেদনটি 'সায়েন্স' নামের একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
রয়টার্সের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে ব্লুম জানিয়েছেন, এটি গামা রশ্মি বিস্ফোরণের স্বাভাবিক ধারা না। গামা রশ্মির বিস্ফোরণে সৃষ্ট ঝলক সাধারণত এক সেকেন্ড বা মিলিসেন্ডের মধ্যে মিলিয়ে যায়, যা সাধারণত একটি চুপসে যাওয়া তারকার মৃত্যুর লক্ষণ। কিন্তু এ বিস্ফোরণটি গত দুমাস যাবত চলছে আর এখনও সক্রিয় আছে।
প্রাথমিকভাবে ২৮ মার্চ নাসার সুইফ্ট নামক নভোযান এ ঘটনার সন্ধান পায়। গামা রশ্মি বিস্ফোরণের ঘটনা খুঁজে বের করাই এ নভোযানটির কাজ।
কষ্ণগহ্বরটির অবস্থান পৃথিবী থেকে চারশ কোটি আলোকবর্ষ দূরে ড্রাকো নক্ষত্র ম-লে।
কষ্ণগহ্বরটির ক্ষেত্রে যা আরো বিস্ময়কর তা হলো এটি সূর্যের মত একটি নক্ষত্র নাগালের মধ্যে থাকলেও তাকে গ্রাস করার তারা দেখাচ্ছে না। এটি স্থিরভাবে বসে আছে।
কৃষ্ণগহ্বরের মহাকর্ষ ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী। এত শক্তিশালী যে আলো এর মহাকর্ষের প্রভাব এড়তে পারে না। বস্তুত আরো এর মহাকর্ষ ক্ষেত্র থেকে বেরই হতে পারে না। আলো বের হতে বা প্রতিফলিত হতে না পারায় এটি দেখাও যায় না।
কিন্তু কৃষ্ণগহ্বরের ভীষণ শক্তিশালী মহাকর্ষক্ষেত্র যখন কোন পাশ্ববর্তী নক্ষত্রকে গ্রাস করে নেয় তখন গামা রশ্মি ও এক্স রশ্মিসহ অন্যান্য বিকিরণ নির্গত হয়। এই বিকিরণ শনাক্ত করা যায়। বিজ্ঞানীরা এরকম বিকিরণ থেকেই কৃষ্ণগহ্বরের অবস্থান শনাক্ত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এবি/এলকিউ/১৬৩৭ ঘ.
bdnews24