ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাতিনি বুধবার লিবিয়ায় হামলা বন্ধের জন্য ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ন্যাটোকে হামলা বন্ধ করে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় মানবিক ত্রাণ পাঠানোর সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
পশ্চিমা জোটকে সতর্ক করে ফ্রাতিনি বলেন, বোমা হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ায় ন্যাটোর বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে পড়েছে।
আরব লীগের চেয়ারম্যান আমর মুসাও মঙ্গলবার লিবিয়ায় ন্যাটো অভিযান সংক্ষিপ্ত করার আহ্বান জানিয়েছেন। বিবিসি এ খবর দিয়েছে।
ন্যাটোর ছোঁড়া ক্ষেপণাস্ত্রে রোববার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়। পরবর্তীতে ন্যাটো হামলায় নতুন করে আরো বেসামরিক নাগরিক নিহত হওয়ার অভিযোগ করে লিবিয়া।
ন্যাটো জানিয়েছে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় সমস্যার কারণে একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে এমন হয়েছে। এসময় নিহতদের প্রতি তারা গভীর সমবেদনা প্রকাশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫২৫ঘ.
bdnews24