বাগদাদ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদে সোমবার ফরাসি দূতাবাসের গাড়িবহরে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। দূতাবাসের কর্মকর্তা এবং স্থানীয় পুলিশ একথা জানায়।
ফরাসি দূতাবাসের ফার্স্ট কনসাল ইসা মারাউত বলেন, "আমরা আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) হামলার শিকার হয়েছি।"
শহরের প্রাণকেন্দ্রে এ বোমায় ৭ জন আহত হয়েছে।
বাগদাদের নিরাপত্তা পরিস্থিতি যে এখনো নাজুক এ ঘটনা তারই নজির।
হামলা সম্পর্কে এখনো সবকিছু স্পষ্ট জানা যায়নি। তাৎক্ষণিকভাবে মন্তব্য করার মতো দূতাবাসের কোন মুখপাত্রকেও পাওয়া যায়নি।
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণে দুটি বেসামরিক গাড়িসহ গাড়িবহরের একটি গাড়ি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে।
২০০৬-০৭ সালের তুলনায় এখন ইরাকে সহিংসতার মাত্রা অনেক কমে এলেও। কিন্তু আল কায়েদা সংশ্লিষ্ট সুন্নি জঙ্গি ও প্রতিদ্বন্দ্বী শিয়ারা প্রতিদিনই রাস্তার পাশে পেতে রাখা বোমা হামলা, মর্টার হামলা ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
ইরাকে এ বছরের শেষের দিকে সর্বশেষ মার্কিন সেনা দলের বিদায় নেওয়ার কথা। এ সময়টিতে জঙ্গি হামলা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে ইরাকি সেনারা।
কারণ, তাদের মতে, জঙ্গিরা দেখানোর চেষ্টা করছে যে, তারা সেনা প্রত্যাহারের জন্য ওয়াশিংটনকে চাপ দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৬ ঘ.
bdnews24