আম্মান, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
ওয়াশিংটনে সিরিয়ার রাষ্ট্রদূত ইমাদ মুস্তাফা সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, সরকার বিক্ষোভকারীদের দাবিগুলো বিশ্লেষণ করেছে। প্রেসিডেন্ট আসাদ তার বক্তৃতায় এমন বিষয় নিয়েই কথা বলবেন।
বিক্ষোভ শুরু হওয়ার পর জাতির উদ্দেশ্যে আসাদের এটি তৃতীয় ভাষণ। এর আগে ১৬ এপ্রিল তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।
সিরিয়ার ১০ হাজারেরও বেশি শরণার্থী তুরস্কে প্রবেশ করেছে। তুরস্কের কর্মকর্তারা জানান, আরো ১০ হাজার শরণার্থী সিরিয়ার সীমান্তের কাছে অবস্থান করছে।
তবে সিরিয়ার মানবাধিকার কর্মী আমার আল-কুরাবি জানান, সিরিয়া ত্যাগে রওনা হওয়া লোকজনকে বাধা দিচ্ছে সেনাবাহিনী।
রয়টার্সকে তিনি বলেন, "সিরিয়ার চলমান সংঘর্ষে ভীত হয়ে কেউ যাতে তুরস্কে পালিয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে সেনারা সীমান্ত এলাকায় ছড়িয়ে রয়েছে।"
শরণার্থীদের সহায়তাকারী জনগণের ওপর সরকার পক্ষের লোকজন হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, সামরিক বাহিনীর দমন অভিযানের মধ্যেও গণআন্দোলন চলছে সিরিয়ায়। শুক্রবার আসাদের বিরুদ্ধে আবারো বিক্ষোভ হয়। বিক্ষোভ মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৯জন নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে।
গত মার্চ থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৩ শ' বেসামরিক ব্যক্তি নিহত ও ১০ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে বলে দেশটির মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে।
মানবাধিকার পর্যবেক্ষকরা ১৩শ'র বেশি সাধারণ নাগরিক ও ৩শ'রও বেশি সেনা ও পুলিশ সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/জেকে/১৪১৪ঘ.
bdnews24