ত্রিপোলি, ২০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় মিসাইল হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে ন্যাটো। রোববার ভোরে রাজধানী ত্রিপোলিতে ওই হামলায় অন্তত ৯জন নিহত হয়।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ন্যাটো জানিয়েছে, মিসাইলটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার এই ঘটনা ঘটেছে।
ওই মিসাইল হামলার পর লিবীয় কর্তৃপক্ষ ত্রিপোলিতে অবস্থানরত সাংবাদিকদের ঘটনাস্থলে নিয়ে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া লাশ দেখায়।
দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম বলেন, "এখানে জেনেশুনে উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পশ্চিমাদের নৃশংসতার আরেক দৃষ্টান্ত এটা।"
লিবিয়ার বেসামরিক নাগরিকদের জান-মাল রক্ষায় জাতিসংঘের অনুমতি নিয়ে গত মার্চ থেকে এই অভিযান শুরু করে ন্যাটো।
এদিকে ন্যাটোর এই স্বীকারোক্তির পর পশ্চিমাদের লিবিয়া অভিযান নিয়ে চলমান বিতর্ক আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ অভিযানের যৌক্তিকতা নিয়ে পশ্চিমা জোটের মধ্যেও দ্বন্দ্ব দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ন্যাটোর লিবিয়া অভিযানের প্রধান লেফটেন্যান্ট জেনারেল চার্লস বাউচার্ড বলেন, "নিরীহ বেসামরিক নাগরিক নিহত হওয়ায় ন্যাটো গভীর সমবেদনা প্রকাশ করছে"।
এর পর থেকে ন্যাটো আরো সতর্কতার সঙ্গে অভিযান চালাবে বলেও উল্লেখ করেন তিনি।
অবশ্য লিবিয়ার বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দেল হাফিজ ঘোগা এই ঘটনার জন্য গাদ্দাফিকেই দায়ী করেছেন। তার ভাষায়, গাদ্দাফি সরকার বেসামরিক এলাকায় সেনাবাহিনীর স্থাপনা গড়ে তোলার কারণেই এমনটি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১১৩৯ ঘ.
bdnews24