২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকজনকে তুরস্কে পালাতে বাধা দিচ্ছে সিরিয়া

সিরিয়ায় উত্তরপশ্চিমাঞ্চলীয় সীমান্ত অঞ্চলে লোকজনকে তুরস্কে পালাতে বাধা দিয়ে শরণার্থীর ঢল বন্ধ করার চেষ্টা চালাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বন্দুকধারী ও সেনারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 07:23 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

আম্মান, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সিরিয়ায় উত্তরপশ্চিমাঞ্চলীয় সীমান্ত অঞ্চলে লোকজনকে তুরস্কে পালাতে বাধা দিয়ে শরণার্থীর ঢল বন্ধ করার চেষ্টা চালাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বন্দুকধারী ও সেনারা। তুরস্ক সীমান্তে শরণার্থী সমস্যা দেখা দেওয়ার কারণে আসাদের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় সিরিয়া বাহিনী এ তৎপরতা শুরু করেছে। সিরিয়ায় সেনাবাহিনীর সরকারবিরোধী বিক্ষোভ দমনাভিযান থেকে বাঁচতে যারা তুরস্কে পালানোর চেষ্টা করছে তাদেরকে সহায়তাকারীদের ওপরও সরকারপন্থি বাহিনী হামলা চালাচ্ছে। সিরিয়ার মানবাধিকার কর্মী আম্মারা কুরাবি এ অভিযোগ করেছেন । তিনি বলেন, আসাদের অনুগত বন্দুকধারী ও সেনারা জিসর আল সুগহোর অঞ্চলের তুর্কি সীমান্ত অভিমুখী রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে আটকা পড়েছে হাজার হাজার মানুষ। তিনি রয়টার্সকে বলেন, " আতঙ্কিত অধিবাসীদের তুরস্ক সীমান্তে যেতে বাধা দেওয়ার জন্য সিরিয়ার সীমান্ত অঞ্চলজুড়ে অবস্থান নিয়েছে সেনাবাহিনী।" তুরস্ক সীমান্তের বামা শহর ও এর আশেপাশের এলাকায় পলায়নপর মানুষদের সহায়তা করার চেষ্টায় যারা এগিয়ে আসছে তারা হামলার শিকার হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৩০ঘ.