এথেন্স, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ জনরোষ এবং নিজ দলের বিরোধিতার মুখেও রোববার জনগণকে কৃচ্ছতা পরিকল্পনায় সমর্থন দিয়ে বিপর্যয়কর দেউলিয়াত্ব এড়ানোর আহ্বান জানিয়েছেন।
নতুন মন্ত্রিসভায় তিনদিনে আস্থা ভোট বিতর্কের শুরুতে পার্লামেন্টের ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
গ্রিসকে নতুন করে সহায়তা দেওয়া নিয়ে লুক্সেমবার্গে ইউরো জোনের অর্থমন্ত্রীদের বৈঠকের আগে এ ভাষণে পাপান্দ্রেউ ঋণ পুনরুদ্ধার পরিকল্পনায় জাতীয় ঐক্যরও আহ্বান জানান।
একইসঙ্গে নতুন মন্ত্রিসভাকে সমর্থন দেওয়ার জন্য এমপিদের আহ্বান জানান তিনি।
পাপান্দ্রেউ বলেন, ভয়াবহ দেউলিয়াত্ব কিংবা ইউরো থেকে বেরিয়ে যাওয়াটা জনগণসহ ব্যাংকগুলোর জন্য এমনকি দেশের বিশ্বাসযোগ্যতায়ও তাৎক্ষণিকভাবে মারাত্মক বিপর্যয়কর ব্যাপার হয়ে দাঁড়াবে।
তিনি আরো বলেন, দেশ এক সংকটময় মুহূর্তে রয়েছে। এখনই ব্যবস্থা না নিয়ে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়তে হবে।
কিন্তু গ্রিসের প্রায় অর্ধেক ভোটারই বেইল-আউটের বিনিময়ে সরকারের কৃচ্ছতা বা কঠোর ব্যয়সঙ্কোচন পদক্ষেপ চুক্তির বিপক্ষে।
তারা চায় পার্লামেন্ট কঠোর অর্থনৈতিক সংস্কার কর্মসূচির এ প্যাকেজ নাকচ করে দিক। নতুন এক মতামত জরিপে এ তথ্য পাওয়া গেছে।
'তু ভিমা' পত্রিকা রোববারের সংখ্যায় জরিপের এ ফল প্রকাশ করে। দেশজুড়ে প্রায় ১ হাজার ২০৮ জন ভোটারের ওপর এ জরিপ চালানো হয়।
এদের ৪৭ দশমিক ৫ শতাংশই ব্যয়সঙ্কোচন প্যাকেজ বাতিলের পক্ষে দিয়েছে। এছাড়া, তারা আগাম নির্বাচনও চায়।
ওদিকে, নতুন ঋণ পাওয়ায় সুবিধা হলে ব্যয়সঙ্কোচ প্যাকেজ পাশে কোনো আপত্তি নেই বলে জানিয়েছে ৩৪ দশমিক ৮ শতাংশ ভোটার।
দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক অর্থ প্রণোদনা (বেইল-আউট) পাওয়ার লক্ষ্যে গ্রিস কঠোর ব্যয়সঙ্কোচন পদক্ষেপের মধ্য দিয়ে অর্থনীতি পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
এ সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে মন্ত্রিসভায় রদবদল করেছেন গ্রিক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ। জরিপটি চালানো হয় তার আগে।
এতে দেখা গেছে, গ্রিসের জনগণ পাপান্দ্রেউ সরকারের জায়গায় নতুন সরকার দেখতে চায়। আর এ জন্য তারা আগাম নির্বাচন চায়।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গিসকে নতুন করে ১২০ বিলিয়ন ইউরো বা ১৭০ বিলিয়ন মার্কিন ডলার জরুরি অর্থ সহায়তা দেওয়ার বিনিময়ে অর্থনৈতিক সংস্কারের শর্ত দিয়েছে।
গ্রিসের দেউলিয়াত্ব রোধ করা এবং ২০১৪ সাল পর্যন্ত তহবিলের জন্য এ অর্থ প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এলকিউ/২২২১ঘ.
bdnews24