ত্রিপোলি, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় বিমান হামলায় সাধারণ মানুষ নিহতের ঘটনা তদন্ত করে দেখছে ন্যাটো। ত্রিপোলিতে ন্যাটো বিমান হামলায় রোববার বেশ ক'জন বেসামরিক মানুষ নিহত হওয়ার অভিযোগ করেছে লিবিয়া সরকার।
সরকারি কর্মকর্তারা জানায়, রোববার ভোরে ত্রিপোলির পূর্বাঞ্চলে ন্যাটোর বিমান হামলায় ৯ জন সাধারণ মানুষ নিহত হয়েছে।
লিবিয়ার সরকারি কর্মকর্তারা রাজধানী ত্রিপোলির আরাদা আবাসিক এলাকায় সাংবাদিকদের নিয়ে গিয়ে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তুপের ভেতর চাপা পড়া একটি মৃতদেহ দেখায়।
স্থানীয় একটি হাসপাতালে সাংবাদিকরা এক শিশুর লাশসহ তিনটি লাশ দেখেছেন। এরা রোববার ভোরের বিমান হামলায় নিহত হয়েছে বলে লিবিয়ার কর্মকর্তারা জানান। সেখানে একজন আহত শিশুকেও দেখেছেন সাংবাদিকরা।
লিবিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, "এখানে সজ্ঞানে ও উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পশ্চিমাদের নৃশংসতার এ আরেক দৃষ্টান্ত।"
ন্যাটো বলছে, ত্রিপোলিতে গতরাতে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। কিন্তু আগে ন্যাটো এ ক্ষেপণাস্ত্রের টার্গেট লক্ষ্যভ্রষ্ট হওয়ার কথা স্বীকার করেছিলো বলে জানিয়েছে বিবিসি।
লিবিয়ায় অভিযান চালিয়ে যাওয়া নিয়ে ন্যাটো এমনিতেই বিতর্কের মুখে পড়েছে। তার ওপর লিবিয়া সরকারের বেসামরিক নাগরিক নিহতের অভিযোগ সত্য হলে গাদ্দাফি সরকারের বিরুদ্ধে লিবীয় বিদ্রোহীদের সহায়তাকারী ন্যাটো তার অভিযান নিয়ে মারাত্মক প্রশ্নের মুখে পড়বে।
স্থানীয় হাসপাতালে সাংবাদিকরা শিশুর লাশ দেখার পর সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, "মূলত, ন্যাটো হামলার আরেকটি বিভিষীকাময় রাত এটি।"
তিনি জানান, ন্যাটো হামলায় বিধ্বস্ত ভবনটিতে পাঁচটি পরিবার বাস করতো।
এ হামলার একদিন আগেই বেসামরিক নাগরিকদের লক্ষ্যস্থল করার জন্য ন্যাটোর বিরুদ্ধে অভিযোগ করেছিল লিবিয়া সরকার।
ন্যাটোর দায়িত্ব জনগণের সুরক্ষা। কিন্তু বেসামরিক নাগরিক নিহতের অভিযোগ ওঠায় ন্যাটো লিবিয়ায় আসলেই কি করছে এবং কতটুকু সফল হচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দেবে বলেই মনে করা হচ্ছে।
ন্যাটো উদ্দেশ্যমূলকভাবে সাধারণ মানুষের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালাচ্ছে- এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ন্যাটোর মুখপাত্র উইং সিডর মাইক বলেছেন, তিনি এ বাড়িঘরের সঠিক অবস্থান জনেন না।
তিনি বলেন, লিবিয়া অভিযানে কোনো নিরীহ মানুষের প্রাণহানির জন্য ন্যাটো গভীরভাবে দুঃখিত। আর তদন্তে এ ঘটনার সত্যতা পাওয়া গেলেও ন্যাটো অত্যন্ত দুঃখবোধ করবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/এলকিউ/১৬১২ ঘ.
bdnews24