মোগাদিশু, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহামেদ আব্দুল্লাহি মোহামেদ রোববার পদত্যাগ করেছেন। সোমালিয়ার জনগণের স্বার্থে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
রাজধানী মোগাদিসুতে সাংবাদিকদের মোহামেদ বলেন, "সোমালিয়ার জনগণের স্বার্থে এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমি আমার পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
প্রেসিডেন্ট ও পার্লামেন্ট স্পিকারের মধ্যকার চুক্তির আওতায়ই রোববার পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন মোহামেদ। তাকে ক্ষমতা থেকে অপসারণ করতে প্রেসিডেন্ট ও স্পিকারের মধ্যে ওই চুক্তি হয়।
মোহামেদ যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন এবং এর আগে তিনি সততার কারণে সুনামের সঙ্গে একজন কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর তিনি অভ্যন্তরীণ কোন্দল ও দুর্নীতিপ্রবণ সোমলিয়া সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় আসীন হন।
পদত্যাগের ঘোষণা দিয়ে মোহামেদ বলেন, তিনি মোগাদিসু ছেড়ে যাবেন না এবং নতুন সরকারকে সহায়তা করার চেষ্টা করবেন। সোমালিয়ার সর্বশেষ সরকার আগস্টে ভেঙে দেওয়া হবে।
প্রেসিডেন্ট শেখ শরিফ আহমেদ বলেছেন, সরকার প্রধান নিয়োগের আগ পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী আবদি ওয়েলি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৮ঘ.
bdnews24