এথেন্স, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গ্রিসের প্রায় অর্ধেক ভোটারই বেইল-আউটের বিনিময়ে সরকারের কৃচ্ছতা বা কঠোর ব্যয়সঙ্কোচন পদক্ষেপ চুক্তির বিপক্ষে।
তারা চায় পার্লামেন্ট কঠোর অর্থনৈতিক সংস্কার কর্মসূচির এ প্যাকেজ নাকচ করে দিক। নতুন এক মতামত জরিপে এ তথ্য পাওয়া গেছে।
'তু ভিমা' পত্রিকা রোববারের সংখ্যায় জরিপের এ ফল প্রকাশ করেছে। দেশজুড়ে প্রায় ১ হাজার ২০৮ জন ভোটারের ওপর এ জরিপ চালানো হয়।
এদের ৪৭ দশমিক ৫ শতাংশই ব্যয়সঙ্কোচন প্যাকেজ বাতিলের পক্ষে দিয়েছে। এছাড়া, তারা আগাম নির্বাচনও চায়।
ওদিকে, নতুন ঋণ পাওয়ায় সুবিধা হলে ব্যয়সঙ্কোচ প্যাকেজ পাশে কোনো আপত্তি নেই বলে জানিয়েছে ৩৪ দশমিক ৮ শতাংশ ভোটার।
দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক অর্থ প্রণোদনা (বেইল-আউট) পাওয়ার লক্ষ্যে গ্রিস কঠোর ব্যয়সঙ্কোচন পদক্ষেপের মধ্য দিয়ে অর্থনীতি পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
এ সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে মন্ত্রিসভায় রদবদল করেছেন গ্রিক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ। জরিপটি চালানো হয় তার আগেই। কাপা নামক জরিপ সংস্থা ১৪-১৫ জুন এ জরিপ চালায়।
এতে দেখা গেছে, গ্রিসের জনগণ পাপান্দ্রেউ সরকারের জায়গায় নতুন সরকার দেখতে চায়। আর এ জন্য তারা আগাম নির্বাচন চায়।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গিসকে নতুন করে ১২০ বিলিয়ন ইউরো বা ১৭০ বিলিয়ন মার্কিন ডলার জরুরি অর্থ সহায়তা দেওয়ার বিনিময়ে অর্থনৈতিক সংস্কারের শর্ত দিয়েছে।
গ্রিসের দেউলিয়াত্ব রোধ করা এবং ২০১৪ সাল পর্যন্ত তহবিলের জন্য এ অর্থ প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০৯ ঘ.
bdnews24