রাবাত, ১৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহম্মদ।
শুক্রবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি পার্লামেন্টকে কিছু ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এতে দেশটির প্রধানমন্ত্রী ও পার্লমেন্টের নির্বাহী ক্ষমতা বাড়বে।
এ বিষয়ে সংবিধান সংশোধনের লক্ষ্যে আগামী ১ জুলাই গণভোটের আয়োজন করা হবে।
তবে কিছু গুরুত্বপূর্ণ নির্বাহী ক্ষমতা বাদশাহর হাতেই থাকবে বলে নিশ্চিত করেছেন মোহম্মদ। দেশের নিরাপত্তা বিভাগ, সেনাবাহিনী ও ধর্মীয় বিষয়গুলো তিনিই নিয়ন্ত্রণ করবেন।
এই সংস্কারের আওতায় 'বারবার' ভাষাও আরবির পাশাপাশি মরোক্কোর প্রশাসনিক ভাষার স্বীকৃতি পাবে।
ভাষণে দেশবাসীকে নতুন সংস্কার প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান বাদশাহ। তিনি নিজেও এর পক্ষে ভোট দেবেন বলে জানান।
গত মার্চে প্রতিবেশী আরব দেশগুলোর গণআন্দোলনের প্রেরণায় মরক্কোয় গণতান্ত্রিক সংস্কারের দাবিতে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়। তখন বাদশাহ মোহম্মদ দেশব্যাপী 'সমন্বিত সাংবিধানিক সংস্কার'র প্রতিশ্রুতি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১১১২ ঘ.
bdnews24