তিউনিস, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি প্রশাসনের সঙ্গে বিদ্রোহী পরিষদের সদস্যদের আলোচনা চলছে বলে জানিয়েছে রাশিয়া।
লিবিয়ায় রাশিয়ার দূত মিখাইল মার্গেলভ ত্রিপোলির প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, গাদ্দাফি সরকারের প্রতিনিধিরা ইউরোপ জুড়ে বিদ্রোহী শিবিরের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে।
গাদ্দাফির ৪১ বছরের শাসনাবসানের জন্য লড়ে যাচ্ছে লিবিয়ার বিদ্রোহীরা। শুক্রবার তাদের এ লড়াইয়ের চার মাস পূর্ণ হয়েছে।
এ দীর্ঘ লড়াইয়ের সমাপ্তি টানতে মস্কোর সহায়তার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের আফ্রিকা বিষয়ক বিশেষ প্রতিনিধি মিখাইল মার্গেলভ বৃহস্পতিবার ত্রিপোলিতে প্রধানমন্ত্রী আল-বাগদাদি আলি আল-মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শুক্রবার তিউনিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্গেলভ বলেন, প্রধানমন্ত্রী তাকে বলেছেন যে, তার সরকারের কয়েকজন প্রতিনিধি ফ্রান্স, জার্মানি ও নরওয়েসহ ইউরোপের কয়েকটি দেশে বেনগাজির বিদ্রোহী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে।
তিনি আরো বলেন, "প্রধানমন্ত্রী আমাকে বলতে চেয়েছিলেন যে, বিদ্রোহী পরিষদ 'ট্রানজিশনাল ন্যাশনাল কাউন্সিল' এর সঙ্গে তাদের যোগযোগের এক ধরনের চ্যানেল আছে।"
তবে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্যারিসে দু'পক্ষের মধ্যে যোগাযোগ বা আলোচনার খবর নিশ্চিত করে জানাতে পারেননি। ফ্রান্স এ ধরনের কোনো উদ্যোগও নেয়নি বলে জানান তিনি।
গাদ্দাফি ও তার ছেলেরা ক্ষমতা থেকে সরে না দাঁড়ানো পর্যন্ত ত্রিপোলির সঙ্গে সমঝোতায় যেতে অস্বীকৃতি জানিয়ে আসছে বিদ্রোহীরা।
লিবিয়া পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ খবরে জানা গেছে, জি
bdnews24