সানা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ কয়েকদিনের মধ্যেই সৌদি আরব থেকে দেশে ফিরবেন। ইয়েমেনের এক কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন।
প্রেসিডেন্ট প্রাসাদে গোলা হামলায় আহত হয়ে এ মাসের শুরুর দিকে চিকিৎসার জন্য সৌদি আরবে গেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহ।
এরপর তিনি আর দেশে ফিরবেন কিনা তা নিয়ে জল্পনার মধ্যে ইয়েমেনের উপ তথ্যমন্ত্রী আব্দু আল জানাদি রয়টার্সকে বলেছেন, প্রেসিডেন্ট যে কয়েকদিনের মধ্যেই দেশে ফিরবেন তা তাকে নিশ্চিত করেই জানিয়েছেন সালেহ।
তবে তিনি কবে দেশে ফিরবেন তা সুনির্দিষ্ট করে জানাতে পারেন নি জানাদি।
তিনি কেবল বলেন, প্রেসিডেন্টের অবস্থার উন্নতি হচ্ছে।
সালেহর প্রাসাদে ৩ জুনের গোলা হামলা এবং তিনি আহত হওয়ার পর থেকেই তার স্বাস্থ্য এবং ভাগ্য নিয়ে পরস্পরবিরোধী নানা খবর পাওয়া যাচ্ছে। ওই সময় থেকে আর জনসমক্ষেও আসেননি সালেহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলীকউ/১৯৫৯ঘ.
bdnews24