২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাতকড়া পরতে আপত্তি জানিয়েছিলেন ট্রস-কান

আইএমএফ'র সাবেক প্রধান ডমিনিক ট্রস-কান যৌন নিপীড়নের অভিযোগে নিউইয়র্কে গ্রেপ্তার হওয়ার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি কূটনৈতিক ছাড়ও দাবি করেছিলেন বলে জানা গেছে দাপ্তরিক নথি থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

নিউ ইয়র্ক, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইএমএফ'র সাবেক প্রধান ডমিনিক ট্রস-কান যৌন নিপীড়নের অভিযোগে নিউইয়র্কে গ্রেপ্তার হওয়ার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি কূটনৈতিক ছাড়ও দাবি করেছিলেন বলে জানা গেছে দাপ্তরিক নথি থেকে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে তার গ্রেপ্তার হওয়ার পুরো ঘটনাবলী প্রকাশ করেছেন সেখানকার কৌসুলিরা। এ থেকে জানা গেছে, বিমানবন্দরের পুলিশ স্টেশনে গোয়েন্দা পুলিশ ট্রস-কানকে হাতকড়া পরাতে চাইলে তিনি জিজ্ঞাসা করেন, "এর প্রয়োজন আছে কি?" উত্তরে নিউ ইয়র্ক বিমানবন্দর কর্তৃপক্ষের গোয়েন্দা পুলিশ দিয়ান মহারাজ বলেন, "হ্যাঁ, দরকার আছে।" এরপর ট্রস-কান দাপটের সঙ্গে বলেন, তার কূটনৈতিক ছাড় আছে এবং এ ব্যাপারে তিনি ফ্রান্স কনস্যুলেটে কথা বলারও অনুরোধ জানান। কানের আইনজীবী বেঞ্জামিন ব্রাফম্যান প্রকাশিত এ নথি সম্পর্কে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ওই ঘটনার পর কান আইএমএফ প্রধানের পদ থেকে পদত্যাগ করেন এবং জামিন নিয়ে নিউইয়র্কে অবস্থান করছেন। হোটেল কর্মীর ওপর যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০২ ঘ.