২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নতুন করে বিক্ষোভ-সহিংসতা, নিহত ৩

সিরিয়ায় সামরিক বাহিনীর দমনাভিযানের মুখেও শুক্রবার নতুন করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভে গুলি এবং বন্দুকধারীদের হামলার ঘটনায় নিহত হয়েছে অন্তত ৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

সিরিয়া, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---সিরিয়ায় সামরিক বাহিনীর দমনাভিযানের মুখেও শুক্রবার নতুন করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভে গুলি এবং বন্দুকধারীদের হামলার ঘটনায় নিহত হয়েছে অন্তত ৩ জন। পূর্বাঞ্চলীয় দির আল-জোর শহরে বিক্ষোভকারীদের ওপর সেনা সদস্যদের গুলিতে দুই জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আসাদ ও তার বাবার পোস্টার ছিঁড়ে ফেলার চেষ্টা চালানোর সময় তাদেরকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ওদিকে, রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হোমস শহরে বন্দুকধারীদের গুলিতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরায়, কুর্দি পূর্বাঞ্চলে, দামেস্কর উত্তরে হোমস, হামা শহরে এবং রাজধানীর শহরতলীতে বিক্ষোভ করেছে লাখো মানুষ। ট্যাংক, সেনার ভয় উপেক্ষা করে মানুষ বিক্ষোভ করছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় দু'টি শহরে ট্যাংক, সাজোঁয়া যান এবং বাসে করে প্রবেশ করেছে সেনারা। তারা জড়ো হয়েছে মারুত আল-নুমান এবং খান শেখুন শহরে। এ পরিস্থিতিতে সিরিয়াকে রক্তক্ষয় বন্ধ করে 'মানুষ হত্যা' অবসানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি আসাদকে মানুষ হত্যা বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন এবং আরো দেরী হয়ে যাওয়ার আগেই ইতিবাচক পদক্ষেপ নিতে বলেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি শুক্রবার বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অন্যান্যদের সমর্থন আদায়ের চেষ্টায় নামতে জার্মানির সঙ্গে একমত হয়েছে ফ্রান্স। জাতিসংঘ জানিয়েছে, গত তিনমাসে সরকার-বিরোধী বিক্ষোভে সিরিয়ায় সরকারের সহিংস দমনপীড়নে অন্তত ১১শ মানুষের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সিরিয়ার সেনাদের মারুত আল-নুমান এ প্রবেশ করতে দেখা গেছে। এ শহরটি জিসর আল সুগহোর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মারুত আল নুমানের দক্ষিণে খান শেখুন শহরেও সেনাবাহিনীকে প্রবেশ করতে দেখা গেছে। কর্মকর্তারা বলছেন, মারুত আল নুমানে নিরাপত্তা ফেরাতে সীমিত আকারে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সেনারা। সেনা অভিযানের এ প্রস্তুতিতে শহরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে অধিবাসীরা। শহরদুটি থেকে লোকজন দলে দলে পালাচ্ছে বলে জানিয়েছে সিরিয়ার মানবাধিকার সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ওদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে বিক্ষোভে এক বড় ধরনের ছাড় দিয়ে ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজনেস টাইকুন রমি ম্যাকলোফ। রমি ম্যাকলোফ প্রেসিডেন্ট আসাদের জ্ঞাতি ভাই। ব্যবসা ছেড়ে তিনি সমস্ত মুনাফা দাতব্য সংস্থাকে দান করে দেবেন বলে জানিয়েছেন বৃহস্পতিবার। রমি সিরিয়ায় সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক ব্যক্তিত্ব। সিরিয়ার সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর ছাড়াও ডিউটি ফ্রি শপ, তেল ও নির্মাণ শিল্প, এয়ারলাইন কোম্পানী এবং হোটেল ব্যবসা রয়েছে রমির। ব্যবসায়িক স্বার্থ এবং দুর্নীতি নিয়ে হরহামেশাই তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সিরিয়ায়। রমির মতো একজন প্রভাবশালী বিজনেস টাইকুনের ব্যবসা ছাড়ার ঘোষণা ক্রমবর্ধমান চাপের মুখে সিরিয়া প্রশাসনের নাজুক অবস্থারই স্পষ্ট ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। কিন্তু এ ছাড় সত্ত্বেও বিক্ষোভ থামছে না সিরিয়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩২ ঘ.