২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈফের নির্বাচনের প্রস্তাব বিদ্রোহীদের প্রত্যাখ্যান

লিবীয় শাসক মুয়াম্মার গাদ্দাফি নির্বাচনে পরাজিত হলে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীপক্ষ এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবীয় শাসক মুয়াম্মার গাদ্দাফি নির্বাচনে পরাজিত হলে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীপক্ষ এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বৃহস্পতিবার গাদ্দাফির ছেলে সাঈফ আল-ইসলাম জানান, লিবিয়ায় তিনমাস সময়ের মধ্যে কিংবা চলতি বছরের শেষ দিকে বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিতে নির্বাচন আয়োজন করা যেতে পারে। ওই নির্বাচনে গাদ্দাফি পরাজিত হলে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন বলে প্রস্তাব রাখা হয়। কিন্তু দেশটির অন্যতম বৃহত্তম শহর বেনগাজিতে অবস্থানরত বিদ্রোহীদের অন্তর্বর্তীকালীন পর্ষদ দ্রুতই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে আল জাজিরা জানায়। তারা এই প্রস্তাবকে 'সময় নষ্ট করা' ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছে। বিদ্রোহীদের মুখপাত্র জালাল আল-গালাল রয়টার্সকে বলেন, "নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেয়ার মতো কোনো অবস্থানে সাঈফ আল-ইসলাম নেই। লিবিয়ায় অবাধ ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে এই নির্বাচনী প্রক্রিয়ায় গাদ্দাফি পরিবারের কোনো ভূমিকা থাকবে না।" ওই মুখপাত্র আরো বলেন, "এরা কুচক্রী। আমাদের শহর থেকে অবশ্যই বাহিনীকে সরিয়ে নিতে হবে। ত্রাণকর্মীদের আমাদের জনগণের কাছে পৌঁছতে দিতে হবে। তারা তাদের অপরাধের জন্য আইনের মুখোমুখি হবে। আর তারপরই কেবল আমরা নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা করতে পারি।" তবে সাঈফ আল-ইসলামের প্রস্তাবে নির্বাচন কিভাবে হবে তার কোনো নির্দেশনা নেই। কেননা গাদ্দাফির শাসনামলে দেশটিতে কখনো কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সেখানে নির্বাচিত কোনো প্রতিষ্ঠানও নেই। নির্বাচনের এই প্রস্তাব সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "আমি মনে করি অনেক দেরি হয়ে গেছে।" তিনি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে আবারো বলেন, "এখনই তার (গাদ্দাফি) চলে যাওয়ার সময়।" যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের 'ওয়ান্টেড' তালিকায় লিবীয় তিন শীর্ষ কর্মকর্তার একজন সাঈফ আল-ইসলাম। লিবিয়ায় গাদ্দাফিবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর সরকারি বাহিনী সাধারণ জনগণের ওপর যে সহিংসতা চালায় তাতে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে সাঈফের বিরুদ্ধে। বৃহস্পতিবার ইতালির 'কোরিয়ের ডেলা সেরা' পত্রিকাকে সাঈফ বলেন, "তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে। আর খুব বেশি সময় নিলে এ বছরের শেষ নাগাদ তা হতে পারে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা যেতে পারে।" সাঈফ বলেন, নির্বাচনে হারলে তিনি (গাদ্দাফি) ক্ষমতা থেকে সড়ে দাঁড়াতে প্রস্তুত। কিন্তু তিনি নির্বাসনে যাবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৯ ঘ.