বেইজিং, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টানা চারদিনের বৃষ্টির কারণে চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতির অবণতি হওয়ায় ওই অঞ্চলগুলো থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এসব এলাকায় ত্রাণ সরবরাহের পাশাপাশি সর্বোচ্চ দুর্যোগ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
চীনের সরকারি সংবাদমাধ্যমগুলো জানায়, ইয়েংজি নদীর তীরবর্তী আনহুই, ঝেজিয়াং, জিয়াংজি, হুবেই, হুনান, সিচুয়ান ও গুইঝোউ প্রদেশ এবং চোংগিং পৌর এলাকা থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এসব এলাকায় বন্যায় এ পর্যন্ত ১৯ জন নিহত ও সাত জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের দুইটি এলাকায় বাঁধ ভেঙ্গে দুটি শহর ও ২১টি গ্রাম নিমজ্জিত হয়েছে। ১৯৫৫ সালের পরে এ এলাকায় এটিই সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ।
জিয়াংজি প্রদেশের ঝুঁকিপূর্ণ নিচু এলাকাগুলো থেকে ১ লাখ ২২ হাজারের বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে।
হুবেই প্রদেশে প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের ফলে প্রায় দুই হাজার মানুষ এলাকা ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে। ধসে ছয় জন নিখোঁজ হয়েছে এবং পিংডু নদী প্রায় বন্ধ হয়ে গেছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছে, রোববারের আগে বৃষ্টিপাত বন্ধ হওয়ার সম্ভাবনা কম।
গত বুধবার সরকারি হিসাবে জানানো হয়, বন্যায় ও ভূমিধসে নিহতের সংখ্যা মোট ১০৫ জন। নিখোঁজ রয়েছে আরো ৬৫ জন।
তবে এরপর নিহত বা নিখোঁজের সংখ্যা সম্পর্কে আর কিছু জানানো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩০০ ঘ.
bdnews24