২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিন লাদেনের পরিণতি বরণ করতে হবে জাওয়াহিরিকেও'

আল কায়েদার নতুন নেতা আয়মান আল জাওয়াহিরিকে সংগঠনটির সাবেক নেতা ওসামা বিন লাদেনের পরিণতি বরণ করতে হবে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 05:52 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়েদার নতুন নেতা আয়মান আল জাওয়াহিরিকে সংগঠনটির সাবেক নেতা ওসামা বিন লাদেনের পরিণতি বরণ করতে হবে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন সাংবাদিকদের বলেন, "আমরা বিন লাদেনকে খুঁজে বের করেছি এবং হত্যা করেছি। জাওয়াহিরির ক্ষেত্রেও আমরা ঠিক তাই করবো।" মুলেন বলেন, আল কায়েদা এখনো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। তিনি আরো বলেন, "আমার দৃষ্টিতে জাওয়াহিরি ওই অবস্থানে (আল কায়েদার শীর্ষ নেতা) যাবেন তাতে বিস্মিত হওয়ার কিছু নেই।" মিশরীয় বংশোদ্ভূত উচ্চশিক্ষিত চরমপন্থী জাওয়াহিরি ১৯৯০ এর দশকে বিন লাদেনকে 'বৈশ্বিক চিন্তা'য় উদ্ভুদ্ধ করেন বলে বিবিসি জানায়। কিন্তু আল কায়েদা প্রধান নির্বাচিত হলেও বিন লাদেনের মতো সংগঠনটির ওপর জাওয়াহিরি নিয়ন্ত্রণ রাখতে পারবেন কি না এ ব্যাপারে বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন। কারণ একজন মিশরীয় বংশোদ্ভূতকে শীর্ষ নেতা হিসেবে সৌদি আরব এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোতে থাকা সংগঠনটির অনেক শাখা নাও মেনে নিতে পারে। গত ২ মে আন্তর্জাতিক এই সন্ত্রাসী সংগঠন আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডোদের এক আকস্মিক হামলায় নিহত হন। এরপরই সংগঠনটির নতুন নেতা নির্বাচনের প্রয়োজন দেখা দেয়। সংগঠনের দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরিকেই নতুন নেতা নির্বাচন করা হয়। আল কায়েদার জেনারেল কমান্ড এক বিবৃতির মাধ্যমে সংগঠনটির শীর্ষ নেতা হিসেবে জাওয়াহিরির মনোনয়ন নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, "আল কায়েদার জেনারেল কমান্ড আলোচনা শেষে শেখ আয়মান আল জাওয়াহিরিকে সংগঠটির প্রধান হিসেবে ঘোষণা করছে।" বৃহস্পতিবার একটি ইসলামি ওয়েবসাইটে এই বিবৃতি প্রকাশ করা হয়। ধারণা করা হয়, ২০০১ সালে যুক্তরাষ্ট্রে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (টুইন টাওয়ার) সন্ত্রাসী হামলা পরিকল্পনাকারীদের অন্যতম প্রধান এই জাওয়াহিরি। এরআগে মিশরীয় বংশোদ্ভূত সাবেক সেনা কর্মকর্তা সাইফ আল আদেলকে সংগঠনটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে মনোনীত করা হয়। সাইফও মিশরীয় বংশোদ্ভূত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫১ ঘ.