২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় ধর্ষণকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ হিলারির

লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি অনুগত বাহিনী ধর্ষণকে 'যুদ্ধাস্ত্র' হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 05:07 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি অনুগত বাহিনী ধর্ষণকে 'যুদ্ধাস্ত্র' হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। হিলারি বলেন, লিবিয়ায় ব্যাপক মাত্রায় ধর্ষণের ঘটনা ঘটছে বলে যে খবর পাওয়া গেছে তাতে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়। এ ছাড়া মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাতেও সরকারবিরোধীপক্ষের নারীদের ওপর যৌন নির্যাতনের খবরেও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানান হিলারি। এক বিবৃতিতে হিলারি বলেন, "ওই অঞ্চলের দেশগুলোতে ধর্ষণ, শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন এবং তথাকথিত 'কুমারীত্ব পরীক্ষা'র মতো ঘটনার খবর পাওয়া গেছে।" "গাদ্দাফির অনুগতবাহিনী দেশটিতে বিরোধীপক্ষকে দমন করার কৌশল হিসাবে নারীধর্ষণকে 'যুদ্ধাস্ত্র' হিসাবে ব্যবহার করছে, যার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র", বিবৃতিতে বলেন হিলারি। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী লুইস মরেনো ওকাম্পো গত সপ্তায় দাবি করেন, লিবিয়া যৌন উত্তেজক ভায়াগ্রা ধরনের ওষুধ সংগ্রহ করে তা সেনাবাহিনীকে সরবরাহ করেছে। সরকারের 'ধর্ষণনীতি' বাস্তবায়নের জন্যই এ ধরনের ওষুধ সেনাবাহিনীকে সরবরাহ করা হয় বলে প্রমাণ রয়েছে, দাবি করেন ওকাম্পো। এই অভিযোগটি গ্রহণ করে গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারির বিষয়টি বর্তমানে আন্তর্জাতিক আদালতের বিচারকদের বিবেচনার জন্য পেশ করা হয়েছে বলে ওকাম্পো জানান। প্রসঙ্গত, লিবিয়ায় গাদ্দাফিবিরোধী বিদ্রোহ শুরু হওয়ার পর এমান আল ওবায়দি নামে এক নারী সরকারি বাহিনীর হাতে ধর্ষিত হয়েছেন বলে রাজধানী ত্রিপোলির 'রিক্সস' হোটেলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে দাবি করেন। এরপর এমান সরকারি বাহিনীর ভয়ে ভীত হয়ে কাতার পালিয়ে যান। কিন্তু কাতার তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়ে লিবিয়া ফেরত পাঠায়। পরবর্তীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারির সহায়তায় যুক্তরাষ্ট্র এমানকে আশ্রয় দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৪ ঘ.