প্যারিস, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের উত্তরাঞ্চলে বিফ বার্গার খেয়ে ই.কোলাই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছে ৫ শিশু। গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ই.কোলাইয়ের প্রকোপ আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সের স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার একথা বলেছেন।
তবে তারা এও বলেছেন যে, জার্মানিতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ই.কোলাই ব্যাকটেরিয়ার সঙ্গে এ ই.কোলাই ব্যাকটেরিয়ার কোনো সম্পর্ক নেই।
জার্মানিতে মারাত্মক সংক্রামক ও বিষাক্ত ই.কোলাই ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে ৩৭ জনের প্রাণহানি ঘটেছে এবং ৩ হাজার লোক অসুস্থ হয়েছে।
ফ্রান্সের ঘটনাটি মেয়াদোত্তীর্ণ গরুর মাংস থেকে ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বেসরকারি জার্মান চেইন স্টোর লিডল মেয়াদোত্তীর্ণ কয়েক বাক্স বিফ পেটিস বাতিল করেছে।
কর্মকর্তারা জানান, এ বাক্সগুলো 'স্টেকস কান্ট্রি' লেখা ব্র্যান্ডে বিক্রি করা হয়েছিলো। এগুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ ছিলো মে ১০, ১১, ১২। ই.কোলাই সংক্রমণ এখান থেকেই ঘটেছে বলে মনে করা হচ্ছে।
বুধবার পা ডি কেলে এলাকার বিভিন্ন শহরের ২০ মাস থেকে ৮ বছর বয়সী ৬ শিশুকে লিলে শহরের এক হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে একজনকে পরে ছেড়ে দেওয়া হয়েছে।
কিন্তু বাকী ৫ জনের অবস্থা আশঙ্কাজনক এবং এখনো তাদের চিকিৎসা চলছে। তারা সবাই রক্ত ডাইরিয়ায় আক্রান্ত।
জার্মানিতে ই কোলাই দূষিত বিন স্প্রাউট থেকে ই.কোলাই ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে তা ইউরোপজুড়ে ছড়িয়ে পড়লেও ফ্রান্সের কর্মকর্তারা বলছেন, ওই ঘটনার সঙ্গে এর দৃশ্যত কোনো সম্পর্ক আছে বলে মনে করছেন না তারা।
আরটিএল বেতারে স্বাস্থ্যমন্ত্রী জেভি বেথন বলেছেন, "আশা করছি আমরা শিগগিরি অনুসন্ধান শুরু করতে পারবো। ফ্রান্সের গবেষকরা ইতোমধ্যেই সংক্রমণের উৎস এবং এ স্বাস্থ্য সমস্যা নিয়ে গবেষণা শুরু করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৭ঘ.
bdnews24