কুয়ালালামপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালয়েশিয়ার ৫১টি সরকারি সাইটসহ ৯১টি ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। কিন্তু কোনো ব্যক্তিগত ও অর্থনৈতিক তথ্যাবলী চুরি যায়নি বলে বৃহস্পতিবার জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
অনলাইন কর্মীদের সাইবার-যুদ্ধের সর্বসাম্প্রতিক লক্ষ্যে পরিণত হয়েছে দেশটি।
মালয়েশিয়ায় মূলধারার গণমাধ্যম কঠোর নিয়ন্ত্রিত হওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে সমৃদ্ধ ইন্টারনেট সংস্কৃতি গড়ে উঠেছে।
'মালয়েশিয়ান কমিউনিক্যাশনস এন্ড মাল্টিমেডিয়া কমিশন' বৃহস্পতিবার জানিয়েছে, ৫১ টি সরকারি ওয়েবসাইটসহ ৯১ টি ওয়েবসাইট হামলার শিকার হয়েছে।
কমিশন আরো জানিয়েছে, ৯১ টির মধ্যে ৭৬ টি ওয়েবসাইট ঠিক হয়েছে। বুধবার মধ্যরাতের কিছুক্ষণ আগে থেকে সাইটগুলো হ্যাক করা হয়।
ইন্টারনেট হ্যাকার গ্রুপ 'এ্যানোনিমাস' এক হুঁশিয়ারি দেওয়ার পরই এ হামলা হলো।
গ্রুপটি হুঁশিয়ারি দিয়ে বলেছিল, উইকিলিকস সেন্সরকারী সরকারকে শাস্তি দেওয়ার জন্য সরকারি ওয়েবসাইটগুলোতে হামলা চলবে।
মালয়েশিয়ার পুলিশ প্রধান ইসমাইল ওমর রয়টার্সকে জানিয়েছেন, এ পর্যন্ত কেনো ব্যক্তিগত ও অর্থনৈতিক তথ্য চুরি যায়নি। কিন্তু কতখানি হামলা হয়েছে কর্তৃপক্ষ তা খতিয়ে দেখার চেষ্টা করছে।
তবে 'এ্যনোনিমাস' না অন্য হ্যাকাররা ওয়েবসাইটগুলো হ্যাক করেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫৭ঘ.
bdnews24