২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের প্রস্তাব দিলেন গাদ্দাফির ছেলে সাঈফ

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি নির্বাচন অনুষ্ঠানে রাজি এবং পরাজিত হলে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। গাদ্দাফির ছেলে সাঈফ আল-ইসলাম বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ত্রিপোলি, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি নির্বাচন অনুষ্ঠানে রাজি এবং পরাজিত হলে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। গাদ্দাফির ছেলে সাঈফ আল-ইসলাম বৃহস্পতিবার একথা বলেছেন। এ প্রস্তাবে বিরোধীদের শান্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে গাদ্দাফিকে হটানোর চেষ্টা চালিয়ে যাওয়া পশ্চিমা জোটের ঐক্য কতটুকু তার একটি পরীক্ষা হতে পারে এ প্রস্তাব। লিবিয়ার নেতা গাদ্দাফির কয়েকদফা ছাড় প্রস্তাবের পর সর্বশেষ এ প্রস্তাব এলো। গাদ্দাফির ওই সমস্ত ছাড় প্রস্তাবকে পশ্চিমারা চতুর প্রস্তাব বলে উড়িয়ে দিয়েছে। আর তার ছেলে সাঈফ এখন এমন এক সময়ে নতুন প্রস্তাবটি দিলেন যখন লিবিয়ায় সামরিক অভিযানে সাফল্যের বিষয়টি নিয়ে কয়েকটি ন্যাটো দেশ ক্রমেই হতাশ হয়ে পড়ছে। ইতালির 'কোরিয়ের ডেলা সেরা' পত্রিকাকে সাঈফ বলেন, "তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে। আর খুব বেশি সময় নিলে এ বছরের শেষ নাগাদ তা হতে পারে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা যেতে পারে।" তিনি বলেন, যে বছর মানুষ প্রথম চাঁদে গিয়েছিল সে বছরই তার বাবা ক্ষমতায় বসেন। নির্বাচনে হারলে তিনি ক্ষমতা থেকে সড়ে দাঁড়াতে প্রস্তুত। কিন্তু তিনি নির্বাসনে যাবেন না। তিনি আরো বলেন, "লিবিয়ার বেশির ভাগ মানুষই যে আমার বাবার পাশে আছে এবং তারা বিদ্রোহীদেরকে ইসলামি মৌলবাদী এবং বিদেশের প্রণোদনা পাওয়া সন্ত্রাসী হিসাবে দেখে তাতে কোনো সন্দেহ নেই।" লিবিয়া সঙ্কট নিরসনে রাশিয়ার দূত মিখাইল মার্গেলভ লিবিয়ার সরকারের সঙ্গে আলোচনার জন্য ত্রিপোলিতে গেলে সাঈফ নির্বাচনের ওই প্রস্তাব দেন। গাদ্দাফির পদত্যাগ করা উচিত এ ব্যাপারে পশ্চিমাদের সঙ্গে একমত পোষণ করেছে ক্রেমলিন। কিন্তু লিবিয়ায় ন্যাটো অভিযানের বিরোধিতা করেছে। তবে আলোচনার মধ্য দিয়ে গাদ্দাফির বিদায়ের পট প্রস্তুত করায় সহায়তা করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। চার মাস হতে চললো লিবিয়ায় সংঘর্ষ চলছে। এর মধ্যে ত্রিপোলির দিকে বিদ্রোহীদের অগ্রগতি খুব ধীর। অন্যদিকে, গাদ্দাফির বাসভবন ও অন্যান্য লক্ষ্যস্থলে ন্যাটো বিমান হামলা চালিয়েও তার ৪১ বছরের শাসনের সমাপ্তি টানতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৩ ঘ.