প্যারিস, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এয়ার ফ্রান্সের বিধ্বস্ত বিমানের নিহতদের মধ্যে ১০৪ যাত্রীর লাশ বৃহস্পতিবার ফ্রান্সে নেওয়া হয়েছে। দুই বছর আগে বিমানটি আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হলে হতভাগ্য ওই যাত্রীরা নিখোঁজ হয়।
সাগরের নিচে পানির উচ্চ চাপ ও ঠান্ডার কারণে লাশগুলো অবিকৃত অবস্থাতেই রয়েছে।
২০০৯ সালের ১ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও থেকে প্যারিস যাওয়ার পথে এয়ার ফ্রান্সের বোয়িং এ-৪৪৭ বিমানটি ২২৮ জন আরোহী নিয়ে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়।
ইতোমধ্যে ফরাসি উদ্ধারকারী দল ১০৪ যাত্রীর লাশ উদ্ধার করেছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েকদিনের মধ্যে প্রায় ৫০ টি মৃতদেহ সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। বাকী লাশগুলো সমুদ্রের তলদেশেই থাকে।
অনুসন্ধানকারীরা জানাচ্ছেন, প্যারিসে আসা যাত্রীদের লাশের দাঁত ও মেডিকেল রেকর্ডের সাহায্যে পরিচয় সনাক্ত করা সম্ভব হবে। এছাড়া ডিএনএ পরীক্ষাও তো রয়েছেই।
এসব নিহতদের পরিচয় নিশ্চিত করতে দুই মাস সময় লাগবে বলে জানান তারা ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫৮ ঘ.
bdnews24