২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় আরো দুটি গ্রাম বিদ্রোহীদের নিয়ন্ত্রণে

লবিয়ার বিদ্রোহীরা দেশটির পশ্চিমের পার্বত্য অঞ্চলের ঘাঁটি থেকে অগ্রসর হয়ে সরকারি বাহিনী নিয়ন্ত্রিত দুটি গ্রাম দখল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 07:24 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঘারিয়ান, লিবিয়া, ১৬জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বিদ্রোহীরা দেশটির পশ্চিমের পার্বত্য অঞ্চলের ঘাঁটি থেকে অগ্রসর হয়ে সরকারি বাহিনী নিয়ন্ত্রিত দুটি গ্রাম দখল করেছে। জাবিয়াত আল বাবুর ও আল আবিনিয়া নামের দুটি গ্রাম থেকে গাদ্দাফির বাহিনী আশেপাশের বিদ্র্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে গোলা নিক্ষেপ করতো বলে বলে বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছে। বিদ্রোহীদের দাবি, ত্রিপোলির দক্ষিণ-পশ্চিম দিক থেকে রাজধানী অভিমুখে ১৫০ কিলোমিটার এগিয়ে গেছে তারা। অবশ্য রয়টার্সের খবরে বলা হয়েছে, বিদ্রোহীরা এখনও গাদ্দাফির শক্তির মূলকেন্দ্র রাজধানী ত্রিপোলি থেকে অনেক দূরে। রাজধানীর অপর প্রান্তের মিসরাতা এবং পূর্বাঞ্চলেও তারা খুব সুবিধাজনক অবস্থানে নেই। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বাহিনীর অবস্থানের ওপর ন্যাটোর বিমান হামলার সুযোগে বিদ্রোহীরা মাঝে মাঝে কিছু সাফল্য পেলেও গাদ্দাফির সেনাবাহিনীর উন্নত যুদ্ধাস্ত্রের মোকাবেলায় হিমশিম খাচ্ছে তারা। রাজধানী ত্রিপোলি থেকে পশ্চিমের পার্বত্যাঞ্চলের দিকে যাওয়ার পথে প্রধান শহর ঘারিয়ান এখনো গাদ্দাফির অনুগতদের দখলে রয়েছে। তবে বিদ্রোহীরা ত্রিপোলির দিকে এগিয়ে আসায় সেখানে অস্থিরতা শুরু হয়েছে। ঘারিয়ান থেকে ২০ কিলোমিটার দূরের কিকলা এলাকাও বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। লিবিয়া সরকার বুধবার একদল সাংবাদিককে ঘারিয়ানে নিয়ে যায়। সেখান থেকে ঘুরে আসা সাংবাদিকরা বলছেন, শহরের দেয়ালগুলো নতুন রঙ করা হয়েছে। তবে একটি সরকারি ভবন দেখে বোঝা যায় যে, জানালাগুলো বিধ্বস্ত হয়েছিল। গুলির গর্তও দেখা গেছে আরেকটি সরকারি ভবনের দেওয়ালে। মোহম্মদ নামের এক ব্যবসায়ী রয়টার্সের কাছে দাবি করেছেন, "শহরের দুই তৃতীয়াংশ বাসিন্দাই বিদ্রোহীদের পক্ষে।" অবশ্য ইউনূস নামের আরেক ব্যক্তি ফরাসি ভাষায় সরকারি প্রতিনিধিদের সামনে বলেন, "সারকোজি একটা অপদার্থ, সে লিবিয়ার তেলের লোভে যুদ্ধ করছে।" এদিকে, হোয়াইট হাউজ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ন্যাটোর নেতৃত্বে পরিচালিত লিবিয়া অভিযানে যুক্তরাষ্ট্রকে নির্দেশনা দিতে প্রেসিডেন্ট বারাক ওবামার কংগ্রেসের অনুমতি প্রয়োজন হবে না। প্রেসিডেন্টের আইনি ক্ষমতার বলেই তা সম্ভব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৩১১ ঘ.