২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চে গুয়েভারার অপ্রকাশিত ডায়েরি প্রকাশ

বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারার অপ্রকাশিত একটি ডায়েরি প্রকাশ করেছে কিউবা। চের সহযোদ্ধা ফিদেল কাস্ত্রোর সাথে কিউবায় তিন বছরের গেরিলা অভিযানের আদ্যোপান্ত ওই ডায়েরিতে স্থান পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 06:41 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারার অপ্রকাশিত একটি ডায়েরি প্রকাশ করেছে কিউবা। চের সহযোদ্ধা ফিদেল কাস্ত্রোর সাথে কিউবায় তিন বছরের গেরিলা অভিযানের আদ্যোপান্ত ওই ডায়েরিতে স্থান পেয়েছে। ১৯৫৬ সাল থেকে ১৯৫৮ সালের শেষভাগ সময় পর্যন্ত কিউবার গেরিলা লড়াইয়ের স্মৃতিকে ধারণ করা ওই ডায়েরিটির শিরোনাম 'একজন যোদ্ধার ডায়েরি'। এতে তৎকালীন কিউবার প্রেসিডেন্ট জেনারেল ফুলজেনসিও বাতিস্তার ক্ষমতাচ্যুতি ও ফিদেল কাস্ত্রোর রাষ্ট্রক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত অভিযানের বিবরণ রয়েছে বলে এনডিটিভি জানায়। মঙ্গলবার চে গুয়েভারার ৮৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কিউবার রাজধানী হাভানায় এই ডায়েরিটি প্রকাশ করা হয়। চে গুয়েভারার স্ত্রী অ্যালেইদা মার্চ জানিয়েছেন, কোনো কাট-ছাট ছাড়াই লেখাগুলো প্রকাশিত হয়েছে। কারণ তিনি চেয়েছেন, চে যেমন ছিলেন তেমন ভাবেই পাঠকেরা তাকে জানুক। আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী বিপ্লবী নেতা চে গুয়েভারাকে ১৯৬৭ সালে বন্দি অবস্থায় বলিভিয়ায় হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৩৯ ঘ.